রেকর্ডের খাতায় নতুন অধ্যায় লিখতে প্রস্তুত মেসি

লিওনেল মেসি
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

লিওনেল মেসি নাকি রেকর্ডের পেছনে ছুটেন না! যদি রেকর্ডটা হয় একমাত্র অধিনায়ক হিসেবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের, তাহলে? এটি ছাড়াও রেকর্ডের বরপুত্রকে হাতছানি দিয়ে ডাকছে আরও কিছু মাইলফলক।

স্বর্গের দুয়ারে কড়া নেড়ে আর ফিরে আসা নয়, বরং ফুটবল দূতের সঙ্গে হাত মিলিয়ে নিজের নামটা খোদাই করেছেন। অমরত্বের স্বাদও পেয়ে গেছেন আরও চার বছর আগে। ফুটবল দুনিয়ায় বর্ণাঢ্য যাত্রায় একমাত্র অপূর্ণতাও ঘুচিয়েছেন।

রোজারিওর ছোট্ট পথ বেয়ে লিওনেল মেসির বিশ্বজয়ের গল্প কাল্পনিক চরিত্র রবার্ট ব্রুসকেও হার মানিয়ে গেছে।

সব পাওয়ার পরও ৩৮ বছরের জাদুকর আরেও একটা বিশ্বমঞ্চে হাজির। জীবনভর যত তাপ-চাপ সয়ে গেছেন, সব ঝেড়ে এবার নির্ভার- তবু দলের নির্ভরতার মূর্ত প্রতীক। ইনজুরি আর বয়সের ধকল সামলে তিনি মাঠে নামবেন, এই অপেক্ষায় এখনও গ্যালারিতে রেকর্ড দর্শকের ঢল নামে। আর আজকাল যতবার তিনি মাঠে নামেন ততবারই ঝড় ওঠে রেকর্ড বইটায়ও।

এই বিশ্বকাপও যেমন হাতছানি দিয়ে ডাকছে বেশকিছু রেকর্ডের। এমনিতেই বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ কিংবা অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডগুলো লিওর দখলে। একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুইবার টুর্নামেন্ট সেরা হওয়ার রেকর্ডটাও আর্জেন্টাইন মহাতারকারই। তবু কিছু রেকর্ড রয়ে গেছে অধরা।

আরও পড়ুন:

এই যেমন, বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের মালিক হওয়ার সুযোগটা। জার্মান তারকা মিরোস্লাভ ক্লোজাকে ছাড়িয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ মেসির সামনে। করতে হবে কেবল চারটি গোল। যদিও বিশ্বকাপের মঞ্চে এই সংখ্যক গোল করার কাজটা সহজ নয় মোটেও।

তবে ক্লোজার আরেকটি রেকর্ড সহজেই ছাড়িয়ে যেতে পারেন লিও। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডটা নিজের করে নিতে পারেন তিনি। জিততে হবে কেবল দু’টো ম্যাচ। সবকিছু ঠিকঠাক থাকলে গ্রুপ পর্বেই হয়তো এই রেকর্ডটা নিজের করে নিতে পারবেন তিনি।

আরও একটি রেকর্ড ছোঁয়ার সুযোগ আছে লিওনেল মেসির। যেটি কেবল তিনিই নন, প্রাণপণে চাইবেন সারাবিশ্বের কোটি সমর্থক। ফুটবল ইতিহাসের একমাত্র অধিনায়ক হিসেবে ব্যাক টু ব্যাক ট্রফি জয়ের রেকর্ড যে নেই আর কারোই!

লিওনেল মেসি কখনও রেকর্ডের পেছনে ছুটেননি। বহুবার বলেছেনও সেটি। তবে বিষয়টা যখন বিশ্বকাপের সোনালী ট্রফিটা আরও একবার স্পর্শের, মেসিও হয়তো প্রাণপণ লড়বেন সেই রেকর্ডটার মালিক হওয়ার।

এসএস