‘চাঁদা দাবি’র অভিযোগে দল থেকে বহিষ্কার যুবদলের নেতা

নোয়াখালী
মোহাম্মদ লিটন চৌধুরী
এখন জনপদে
অপরাধ
0

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঁদা না দেয়ায় যুবদল নেতার হামলায় বৃদ্ধা মো. আবদুল হাই (৭৫) এর মৃত্যুর ঘটনায় মোহাম্মদ লিটন চৌধুরী নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করেছে নোয়াখালী জেলা যুবদল। আজ (শনিবার, ১১ এপ্রিল) নোয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক রাইসুল হায়দার বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সদর উপজেলার ৩ নম্বর নোয়ান্নই ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. লিটন চৌধুরীকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সম্পর্ক না রাখার নির্দেশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হচ্ছে।

এর আগে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বৃদ্ধা মো. আবদুল হাই মারা যান। মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ মধ্য বাজারে হামলায় বৃদ্ধা আবদুল হাইসহ তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন:

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার সকালে তারা জমিতে নির্মাণকাজ শুরু করলে যুবদল নেতা লিটন চৌধুরীর নেতৃত্বে তার ভাই ইসমাইল ও সাদ্দামসহ আট থেকে দশজনের একটি দল হামলা চালায়। এসময় জমির মালিক মো. আবদুল হাইকে মারধর করে পোলের ওপর থেকে খালে ফেলে দেয়া হয়। হামলায় তার দুই ছেলেও আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে মঙ্গলবার রাতে গুরতর আহত আবদুল হাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বুধবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে আহত আবদুল হাইকে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।

এসএস