সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেলো রোহিঙ্গা যুবকের গোড়ালি

মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের গোড়ালি উড়ে গেছে
এখন জনপদে
0

উখিয়া সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইন এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ (মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ (সোমবার, ২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ সালমান (২৭)। তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/৯ ব্লকের বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ নিজামত আলী এবং মায়ের নাম নুর মারিজান।

খোঁজ নিয়ে জানা যায়, ৬৪ বিজিবির অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-২১ পিলার থেকে আনুমানিক ৫৫০ গজ উত্তর-দক্ষিণ দিকে এবং বালুখালী বিওপি থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে কাটাপাহাড় পোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলটি শুন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ মিয়ানমারের অভ্যন্তরে।

আরও পড়ুন:

ক্যাম্পের বাসিন্দা আহমদ উল্লাহ জানান, সোমবার সকালে সালমান সীমান্তের ওপারে গেলে হঠাৎ স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে অন্য রোহিঙ্গাদের সহায়তায় তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নেয়া হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘অনেক রোহিঙ্গা বিভিন্ন সময় মাদক আনতে সীমান্ত অতিক্রম করে বলে অভিযোগ রয়েছে। অবৈধ কার্যক্রম ছাড়া তাদের মিয়ানমারে যাওয়ার তেমন কারণ থাকে না।’

তবে আহত সালমান কী কারণে মিয়ানমারের অভ্যন্তরে গিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার বিষয়ে থানায় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে জানায়নি।’

এসএইচ