সমকালের ব্যুরো প্রধান সুমন চৌধুরী জানান, আজ সন্ধ্যা ছয়টার দিকে অফিস খুলতে গেলে দরজা ভেতর থেকে আটকা দেখেন তিনি। দরজার ফাঁকা দিয়ে দেখেন পুলক চ্যাটার্জি গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছেন। এ অবস্থায় পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, ‘পুলক চ্যাটার্জি সর্বশেষ দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। প্রায় তিন বছর আগে সমকাল থেকে চাকরি চলে যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিলেন। জ্যেষ্ঠ সংবাদকর্মী ও সাবেক ব্যুরো প্রধান হিসেবে মাঝেমধ্যেই তিনি সমকাল অফিসে এসে বসতেন এবং পত্রিকা পড়তেন।’
স্বজনরা বলছেন দুপুরে বাসা থেকে বের হন পুলক চ্যাটার্জি। বেলা গড়িয়ে গেলেও বাসায় না ফেরার খবর নিতে গিয়ে জানতে পারেন ঘটনার কথা। এ ঘটনার তদন্ত দাবি করেন স্বজনরা।
পুলিশ কমিশনার জানান, বেশ কয়েকটি সুইসাইড নোট পেয়েছেন তারা। সে প্রেক্ষিতেই বিষয়টি তদন্ত করে দেখা হবে। তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছেন তারা। এদিকে পুলক চ্যাটার্জির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরিশালের মিডিয়া অঙ্গনে। তার মরদেহ উদ্ধারের খবরে সহকর্মী ও সহযোদ্ধারা ছুটে আসেন ঘটনাস্থলে।





