অন্যদিকে, দেশের পাঁচ জেলায় আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আজ দুপুরের মধ্যে ঢাকা ও ফরিদপুরসহ দেশের ১১টি অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে ঢাকার নদী বন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আবহাওয়া সক্রিয় থাকায় দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল (রোববার) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের সুস্পষ্ট লঘুচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে ঝাড়খণ্ড ও উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন:
আবহাওয়াবিদ বজলুর রশীদ ও মো. ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশে পুরোপুরি সক্রিয় থাকায় আগামী ১২ থেকে ১৩ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
ভারী বৃষ্টির সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আগামী ৭২ ঘণ্টায় ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। এই অতিভারী বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী, দেশের সব প্রধান নদনদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের উজান এবং অভ্যন্তরীণ নদনদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে আগামী কয়েক দিনের মধ্যে দেশের ৫টি জেলা—বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড।





