মিশরের পৌনে ২শ’ বছরের পুরনো রেল নেটওয়ার্ক, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন ও বৃহৎ রেল ব্যবস্থা। পরিবহন ও যোগাযোগের গুরুত্বপূর্ণ এ মাধ্যমের আধুনিকায়নে মিশর সরকার বিপুল বিনিয়োগ করলেও এ খাতে দুর্ঘটনা আর প্রাণহানি প্রায় নিয়মিত ঘটনা।
রোববারও রাজধানী কায়রোর দক্ষিণে এমনই এক দুর্ঘটনার কবলে পড়ে বিপুলসংখ্যক আরোহী। ঐতিহাসিক গিজা শহরের কাছে দু’টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে হতাহত হয় শতাধিক মানুষ। রাষ্ট্রীয় রেল কর্তৃপক্ষ জানায়, গিজা ছেড়ে আসা ফাইয়ুমগামী ট্রেনটি কায়রো থেকে আসওয়ানগামী ট্রেনের পেছনের বগিতে সজোরে ধাক্কা দেয়।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘প্রচণ্ড জোরে আর বিকট শব্দ শুনে দৌড়ে আসি। এসে দেখতে পাই এ অবস্থা। ফাইয়ুমগামী ট্রেনটি দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের শেষ বগিতে ধাক্কা দিয়েছিল।’
সংঘর্ষে দুই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে উল্টে দুমড়েমুচড়ে যায় বগিগুলো। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের জরুরি উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন। ৭২টি অ্যাম্বুলেন্সে করে গিজা ও নিকটবর্তী বেনি সুয়েফের একাধিক হাসপাতালে নেয়া হয় আহতদের। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রশাসনের।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন বলেন, ‘ছুটে আসা ট্রেনের ধাক্কায় স্থির ট্রেনটির শেষ বগিটি তো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেই; কায়রো থেকে ফাইয়ুমগামী ট্রেনটিরও ছয়টি বগি উল্টে গিয়ে একটার ওপর আরেকটা পড়লো।’
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু এবং দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি। দুর্ঘটনার জেরে এখনও বন্ধ কায়রো-আপার ইজিপ্ট রেল যোগাযোগ, ধ্বংসস্তূপ সরিয়ে দ্রুত রেলপথ খুলে দেয়ার চেষ্টায় ব্যস্ত জরুরি সেবাদান কর্মীরা।
মিশরের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা ঘটে ২০০২ সালে; গিজার আয়াত জেলায় পর্যটকবাহী ট্রেনে অগ্নিকাণ্ডে প্রাণ যায় প্রায় ৪শ’ মানুষের।
