যুক্তরাজ্যে মূলত চারটি মূল্যমান ৫, ১০, ২০ ও ৫০ পাউন্ডের নোটের প্রচলন রয়েছে। ১৯৬০ সাল থেকে বর্তমান পর্যন্ত ব্রিটিশ রাজা বা রানীর ছবি এসব নোটে স্থান পেয়ে আসছে। পরবর্তী সিরিজেও তাদের ছবি থাকার কথা।
এবার ব্যাংকনোটে বড় পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক। রানি এলিজাবেথ, উইনস্টন চার্চিল বা জেন অস্টেনের মতো বিখ্যাত ব্যক্তিদের বদলে এবার ব্যাংকনোটের মূল ছবিতে স্থান পেতে যাচ্ছে বিভিন্ন পাখি, মৌমাছি, ডলফিন, শিয়াল, হাঙর এর মতো পরিচিত সব প্রাণী। নতুন ব্যাংকনোটের জন্য এরইমধ্যে ১৮টি বন্যপ্রাণির একটি সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করেছে ব্যাংক অব ইংল্যান্ড। গেল বছর একটি আলোচনার মাধ্যমে এই থিমগুলো নির্ধারণ করা হয়।
মূলত জাল নোট প্রতিরোধে এমন বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নোটের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী এবং সহজলভ্য করতে নোটের নকশায় পরিবর্তন আনা স্বাভাবিক ঘটনা। ব্যাংক কর্তৃপক্ষরা বলছেন, বন্যপ্রাণীর জটিল ছবি ও নকশা জাল করা কঠিন। এছাড়া এসব নতুন নোটের মাধ্যমে যুক্তরাজ্যের সমৃদ্ধ প্রাকৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে।
ব্যাংক অব ইংল্যান্ডের চিফ ক্যাশিয়ার ভিক্টোরিয়া ক্লেল্যান্ড বলেন, ‘এটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত ছিল। যুক্তরাজ্যে প্রচুর বন্যাপ্রাণী রয়েছে। তাই ব্যাংক অব ইংল্যান্ডের পক্ষ থেকে একদল বন্যপ্রাণী বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে প্রাণিদের তালিকা তৈরি হয়েছে।’
আরও পড়ুন:
বিখ্যাত ব্যক্তিদের ছবি বাদ দিয়ে পশুপাখির ছবি দেয়ার সিদ্ধান্ত নিয়ে যুক্তরাজ্যে এরইমধ্যে শুরু হয়েছে বিতর্ক। ক্ষমতাসীন ও বিরোধীদলের রাজনীতিবিদরা এমন পদক্ষেপকে বোকামি ও পাগলামি বলছেন। তাদের আশঙ্কা, এতে করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে গুরুত্বহীন হয়ে পড়বেন বিখ্যাত মানুষজন।
তবে ব্যাংকনোটের পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে যুক্তরাজ্যের বাসিন্দাদের মধ্যে। অনেকের মতে, বিলুপ্তপ্রায় বা অবহেলিত প্রাণিদের তালিকায় যুক্ত করলে ভালো হতো।
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘মৌমাছি যেমন ঐক্যের প্রতীক, বড় কল্যাণের জন্য সবাই একসঙ্গে কাজ করে। এটি ব্যাংকনোট থাকা ইতিবাচক।’
অন্য একজন বলেন, ‘ব্যাংকনোটে ঐতিহাসিক ব্যক্তিত্বদের রাখাটা ভালো। ভবিষ্যৎ প্রজন্ম অতীত ও ইতিহাস সম্পর্কে একটা ধারণা রাখতো।’
ব্যাংকনোটের ছবি পরিবর্তন নিয়ে বাসিন্দারা তাদের মতামত জানানোর সুযোগ পাবেন আগামী ৩ জুলাই পর্যন্ত। চলতি বছরের শেষ দিকে ব্রিটিশ আর্থিক বাজারে আসতে যাচ্ছে নতুন ব্যাংকনোট।





