নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট; ফিরছে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ

প্রতীকী ছবি
দেশে এখন
1

দেশের পাসপোর্টে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে বর্তমান সরকার। নতুন সংস্করণের ই-পাসপোর্টে ফিরছে বহুল আলোচিত ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। একই সঙ্গে পাসপোর্টের জলছাপে থাকা বেশ কয়েকটি স্থাপনা ও প্রতীক বাদ দিয়ে যুক্ত করা হচ্ছে নতুন কিছু জাতীয় ও ঐতিহাসিক উপাদান।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর থেকেই পাসপোর্টে পরিবর্তন আনার উদ্যোগ নেয় বিএনপি সরকার। এ নিয়ে এপ্রিল ও মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকগুলোতে পাসপোর্টের নকশা ও বিষয়বস্তু পুনর্বিন্যাসের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময় ই-পাসপোর্ট চালুর পর ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেয়া হয়। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত ‘ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের জন্য এই পাসপোর্ট বৈধ’। ওই সিদ্ধান্ত নিয়ে তখন বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়।

আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ৭ এপ্রিল অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাসপোর্ট অধিদপ্তরকে ‘ইসরাইল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহালের জন্য চিঠি দেয়। তবে সেটি সীমিত পরিসরে কার্যকর হয়েছিল। এখন নতুন সরকার সব ধরনের পাসপোর্টে এটি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ধাপে ধাপে নতুন পাসপোর্টে এ পরিবর্তন আনা হবে। পুরোনো পাসপোর্টধারীদের জন্য আলাদা কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় তারা নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন।

বাদ যাচ্ছে যেসব ছবি

বর্তমান ই-পাসপোর্টের বিভিন্ন পাতায় থাকা জলছাপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, কান্তজিউ মন্দির, মুজিবনগর স্মৃতিসৌধসহ বেশ কয়েকটি স্থাপনা ও প্রতীক বাদ দেয়া হচ্ছে। কক্সবাজার সমুদ্রসৈকতের ছবিতে থাকা নৌকার চিত্রও সরিয়ে ফেলা হবে।

যুক্ত হচ্ছে নতুন প্রতীক ও স্থাপনা

নতুন পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি। এছাড়া বঙ্গভবন, জামদানি শাড়ি, কাঁঠাল, ইলিশ, টাঙ্গুয়ার হাওর, মাধবকুণ্ড জলপ্রপাত, আহসান মঞ্জিল, শালবন বিহার, নীলগিরি, রাজশাহীর আমবাগান, জাতীয় স্মৃতিসৌধ ও পানামনগরীর ছবিও স্থান পাবে নতুন সংস্করণে।

তবে জাতীয় ফুল শাপলা, রয়েল বেঙ্গল টাইগার, দোয়েল, শহিদ মিনার, সুপ্রিম কোর্ট, শিখা অনির্বাণ, লালবাগ কেল্লা, হাতিরঝিল, বায়তুল মোকাররম, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন ও জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ চিত্রকর্ম আগের মতোই থাকছে।

স্বরাষ্ট্রসচিব মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, পাসপোর্টের ভেতরের কয়েকটি জলছাপ বাদ দিয়ে নতুন কিছু ছবি যুক্ত করা হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সরকারপ্রধানের অনুমোদন পাওয়া যাবে।

এনএইচ