বৈধপথে বিদেশ যাবার আগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিবন্ধন করে কর্মীদের সংগ্রহ করতে হতো বিএমইটি কার্ড। নির্দিষ্ট ফি পরিশোধ শর্তে এ কার্ডের অনুকূলে সরকারি সেবা পেতেন প্রবাসীরা। এবার এসব সেবা আরও সহজ করার লক্ষ্যে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার।
বিদেশে থাকা দূতাবাসের সেবাসহ ডিজিটাল পরিচয় পত্র যুক্ত করে এ কার্ডের মাধ্যমে রেমিট্যান্স লেনদেন, স্বাস্থ্য সেবা, ব্যাংক পেমেন্ট গেটওয়ে, ডুয়েল কারেন্সি ও ভূমি সংক্রান্ত সেবা পাবেন প্রবাসীরা।
যদিও বিশ্বব্যাপী কর্মরত বৈধ-অবৈধ প্রবাসীদের সঠিক পরিসংখ্যান নেই মন্ত্রণালয়ের কাছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিসংখ্যান বলছে, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত গেল চার বছর গড়ে ১০ লাখের বেশি কর্মী গেছেন বিদেশে। চলতি বছরের প্রথম পাঁচ মাসে ১০৩টি দেশে গেছেন ৩ লাখের বেশি কর্মী।
বহির্বিশ্বে ছড়িয়ে থাকা এমন কর্মীদের আর্থিক নিরাপত্তায় এ কার্ড বিশেষ ভূমিকা রাখবে বলছে মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, আর্থিক লেনদেন সংক্রান্ত সেবা পেতে এ কার্ডে পরিবারের একজন সদস্যকে যুক্ত করা যাবে।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ‘একজন প্রবাসী চাইলে এই কার্ডের জন্য দেশে তার পরিবারের একজন সদস্যকে যোগ করতে পারবে।’
ইউরোপ, আমেরিকার প্রবাসীরাও এ কার্ডের আবেদন করতে পারবেন। যাচাই বাছাই করবে মন্ত্রণালয়। তবে প্রবাসী কার্ড চালু হলে আর বিএমইটি কার্ড থাকবে না বলেও জানায় মন্ত্রণালয়। এ প্রকল্পের সেবা পুরোপুরি নিশ্চিত করার জন্য আরও যাচাই বাছাই চলানো হচ্ছে বলে জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রবাসীদের জন্য একাধিক কোনো কার্ড থাকবে না। এক কার্ডের মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা থাকবে।’
বিগত সময় রিক্রুটিং এজেন্সির অনিয়মের কারণে বৈধ কাগজপত্র না পাওয়া প্রবাসীরা বিএমইটি কার্ডের সুবিধা বঞ্চিত হন। এমন প্রেক্ষাপটে প্রবাসী কার্ডও বৈধ-অবৈধ প্রবাসীদের মধ্যে বৈষম্য তৈরির শঙ্কা করছেন অভিবাসন সংশ্লিষ্টরা।
অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের চেয়ারপারসন শাকিরুল ইসলাম বলেন, যারা দেশের বাহিরে আছে তাদের মধ্যে যারা বৈধ উপায়ে আছে আর যারা অবৈধ উপায়ে আছে তাদের মধ্যে কোনো বৈষম্য তৈরি করবে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। কেননা বিগত সময়ে করা বিএমইটি কার্ড নিয়েও একই সমস্যায় পরতে হয়েছে।’
অভিবাসন বিশেষজ্ঞদের বলছেন, ইতঃপূর্বে বিএমইটি কার্ডও প্রবাসীদের খুব বেশি কাজে আসেনি। নতুন এ কার্ডে প্রবাসীরা উপকৃত হবেন নাকি নতুন করে আরও ঝামেলা তৈরি হবে তাও ভাবতে হবে সরকারকে।





