এশিয়া কাপ রাইজিং স্টারসে আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে এই কীর্তি গড়েন বৈভব। ৫০ ওভারের ম্যাচে আরব আমিরাতের দেয়া ২৫০ রানের লক্ষ্য তাড়ায় নেমে তার বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৪.২ ওভারেই জয় নিশ্চিত করে ভারত। একাই প্রতিপক্ষের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দেন এই তরুণ ব্যাটার।
এই ইনিংসে লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম সেঞ্চুরি, দেড়শো ও ডাবল সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন বৈভব। এর আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ২৯ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন। আন্তর্জাতিক ওয়ানডেতে ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তাদের দুজনকেই ছাড়িয়ে মাত্র ২৮ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছে যান বৈভব। পেশাদার ক্রিকেটে এর আগে ৩২, ৩৫ ও ৩৬ বলেও সেঞ্চুরি করেছিলেন তিনি।
আরও পড়ুন:
দেড়শো রান পূর্ণ করতেও মাত্র ৪০ বল খেলেছেন ১৫ বছর বয়সী এই ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে আগের দ্রুততম দেড়শো রানের রেকর্ডটিও ছিল তার দখলে। গত বছর ভারতের ঘরোয়া ক্রিকেটে ৫৯ বলে দেড়শো রান করেছিলেন বৈভব। এবার নিজের সেই রেকর্ডও নতুন করে লিখেছেন।
এরপর ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন মাত্র ৫২ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। দুই বছর আগে ১০৩ বলে এই কীর্তি গড়েছিলেন তিনি। এবার সেই রেকর্ড ভেঙে প্রায় অর্ধেক সময়ে দুইশ রান পূর্ণ করলেন বৈভব।
শুধু রান তোলার গতিতেই নয়, ছক্কা হাঁকানোর ক্ষেত্রেও নতুন ইতিহাস গড়েছেন এই বাঁহাতি ওপেনার। ডাবল সেঞ্চুরির ইনিংসে মেরেছেন ২৮টি ছক্কা। পেশাদার ক্রিকেটে এক ইনিংসে এর আগে সর্বোচ্চ ২৬টি ছক্কা মারার রেকর্ড ছিল ভারতের তন্ময় আগারওয়ালের। অন্যদিকে, ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ২৩ ছক্কার রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ডি’আর্চি শর্টের। দুজনকেই ছাড়িয়ে গেছেন বৈভব।
৫০ ওভারের ক্রিকেটে সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেটের রেকর্ডও এখন তার দখলে। এর আগে ৩৩৮.৬৩ স্ট্রাইকরেটে ব্যাট করে রেকর্ডটি গড়েছিলেন ডি ভিলিয়ার্স। বৈভবের ব্যাট থেকে এসেছে ৩৮৪.৯০ স্ট্রাইকরেট।
তার বিধ্বংসী ব্যাটিংয়ে দুইশর বেশি রানের লক্ষ্য তাড়ায় সবচেয়ে কম ওভারে জয়ের রেকর্ডও গড়েছে ভারত। এছাড়া ইনিংসে দলগতভাবে ৩১টি ছক্কা মেরেছে ভারত ‘এ’। লিস্ট ‘এ’ ক্রিকেটে কোনো দলের এক ইনিংসে এর চেয়ে বেশি ছক্কার রেকর্ড রয়েছে মাত্র একবার। গত বছর ভারতের ঘরোয়া ক্রিকেটে অরুণাচল প্রদেশের বিপক্ষে বিহার ৩৮টি ছক্কা মেরেছিল, যার ১৫টিই এসেছিল বৈভবের ব্যাট থেকে।
