শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে মোহাম্মদ সালাহর মিশর

মিশরের খেলোয়াড়রা
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে দেখা মিললো চরম নাটকীয়তার। টেক্সাসের ডালাসে অতিরিক্ত সময় পেরিয়ে টাইব্রেকারের রোমাঞ্চে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে মোহাম্মদ সালাহর মিশর।

ডালাসের গ্যালারিতে আজ ছিল ফারাওদের গর্জন। ম্যাচের মাত্র ১৩ মিনিটেই কারিম হাফেজের ক্রস থেকে দুর্দান্ত হেডে মিশরকে ১-০ গোলে এগিয়ে দেন মিডফিল্ডার ইমাম আশুর। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় অস্ট্রেলিয়া।

ম্যাচের ৫৫ মিনিটে অজি উইঙ্গার ও’নিলের ফ্রি-কিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন মিশরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। এই আত্মঘাতী গোলে ১-১ সমতায় ফেরে ম্যাচ।

মোহাম্মদ হানির এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে মোট ১৩টি আত্মঘাতী গোল হলো, যা বিশ্বকাপের ইতিহাসে একক কোনো আসরে সর্বোচ্চ গোলের নতুন বিশ্বরেকর্ড।

নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটেও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারের ঠিক আগ মুহূর্তে অস্ট্রেলিয়ার কোচ অভিজ্ঞ গোলরক্ষক ম্যাট রায়ানকে মাঠে নামালেও, শেষ রক্ষা হয়নি।

পেনাল্টি শুটআউটে মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ চমৎকার এক ‘প্যানেনকা শটে’ গোলসহ দলের সবাই লক্ষ্যভেদ করেন। অন্যদিকে অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার এবং লুকাস হ্যারিংটন শট মিস করলে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় মিশর।

এই জয়ের মাধ্যমে দীর্ঘ ৯২ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয়ের ঐতিহাসিক রেকর্ড গড়লো ফারাওরা। আর চোখের জলে বিশ্বমঞ্চ থেকে বিদায় সকারুজদের।

রাউন্ড অব সিক্সটিনে আগামী ৭ জুলাই আটলান্টা স্টেডিয়ামে রাত ১০টায় মোহাম্মদ সালাহর মিশরের প্রতিপক্ষ লিওনেল মেসির টিম আর্জেন্টিনা।

এসএস