বিশ্বকাপ সেমিফাইনালের আগেই আকাশচুম্বি টিকিটের দাম!

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের আগে টিকিটের দাম বেড়েছে কয়েকগুণ
বিশ্বকাপ , ফুটবল
এখন মাঠে
0

২০২৬ বিশ্বকাপ সেমিফাইনাল শুরুর আগেই টিকিটের দাম বাড়ছে অবিশ্বাস্য হারে। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম বেড়েছে আট গুণেরও বেশি। ফ্রান্স-স্পেন মহারণ ও বিশ্বকাপ ফাইনালের উন্মাদনায় ভাটা পড়েছে টিকিটের দাম কমার গুঞ্জন।

চলতি বিশ্বকাপের শেষ চার নিশ্চিত হতেই টিকিটের রিসেল বাজারে শুরু হয় নজিরবিহীন মূল্যবৃদ্ধি। সেমিফাইনাল ও ফাইনালকে ঘিরে সমর্থকদের চাহিদায় টিকিটের দাম এখন আকাশছোঁয়া। বিশেষ করে ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালের টিকিট বিক্রি হচ্ছে আটগুন বেশি দামে।

বৈশ্বিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম টিকম্বোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আটলান্টায় হতে যাওয়া ইংল্যান্ড-আর্জেন্টিনা সেমিফাইনালের সর্বনিম্ন রিসেল মূল্য ধরা হয়েছে ২ হাজার ৭৮১ ইউরো, যা বাংলা টাকায় প্রায় ৩ লাখ ৯২ হাজার ৮৩৮ টাকা। অন্যদিকে ডালাসে ফ্রান্স-স্পেন সেমিফাইনালের টিকিট শুরু হচ্ছে ১ হাজার ৩০১ ইউরো বা প্রায় ১ লাখ ৮৩ হাজার ৪০২ টাকা থেকে। যেখানে কানসাস সিটিতে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার-ফাইনালের প্রবেশমূল্য ছিল মাত্র ৩৩৮ ইউরো বা ৪৭ হাজার টাকা।

কয়েকদিন আগেই মধ্যপ্রাচ্য ভিত্তিক এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্পেন বনাম বেলজিয়ামের কোয়ার্টার-ফাইনালের টিকিটের দাম ২ হাজার ৯৫০ ডলার থেকে ১ হাজার ২০০ ডলারে নেমে যাওয়াকে আখ্যা দিয়েছিলো ‘রোনালদো ইফেক্ট’ বলে। ২৪ ঘণ্টারও কম সময়ে দাম ৫৯ শতাংশ কমে যাওয়াকে তারা দেখছিলো রোনালদোর বাদ পড়ার প্রভাব হিসেবে।

তবে বিশ্বকাপের সেমিফাইনালের আগের চিত্র একেবারেই ভিন্ন। লিওনেল মেসির আর্জেন্টিনা ও হ্যারি কেইনের ইংল্যান্ডের লড়াই ঘিরে সমর্থকদের আগ্রহ টিকিটের দামকে নামায়নি, বরং নিয়ে গেছে নতুন উচ্চতায়। ইয়াহু স্পোর্টস জানিয়েছে, আটলান্টার ম্যাচে সেকেন্ডারি মার্কেটে সর্বনিম্ন টিকিটের দাম ২ হাজার ৫২৩ ডলার। মাঠের নিচের সারির আসনের মূল্য শুরু ৪ হাজার ৪৩৩ ডলার, অর্থাৎ প্রায় ৫ লাখ ৪৬ হাজার ৮৫৫ টাকা থেকে।

বিশ্বকাপ যত শেষের দিকে এগোচ্ছে, রিসেল বাজারেও ততই বাড়ছে উন্মাদনা। বিশ্বকাপ ফাইনালের রিসেল মূল্য পৌঁছেছে ৭ হাজার ৩৬ ইউরো বা ৮ হাজার ৪০৪ ডলার পর্যন্ত। বাংলা টাকায় যা প্রায় ৯ লাখ টাকা।

এসএইচ