টেলিভিশন কমেডির কিংবদন্তি জেমস বারোজের প্রয়াণ

কিংবদন্তি জেমস বারোজ
শিল্পাঙ্গন
0

টেলিভিশন কমেডির ইতিহাসে অনন্য এক নাম জেমস বারোজ। ‘ফ্রেন্ডস’, ‘চিয়ার্স’, ‘ট্যাক্সি’ ও ‘উইল অ্যান্ড গ্রেস’-এর মতো কালজয়ী ধারাবাহিকের নির্মাতা শুক্রবার (স্থানীয় সময়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মার্কিন গণমাধ্যম পিপলকে দেয়া এক বিবৃতিতে জেমস বারোজের পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘তিনি আজ পরিবারের সদস্যদের সান্নিধ্যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।’ তবে তার মৃত্যুর কারণ বা কোথায় তিনি মারা গেছেন, সে বিষয়ে পরিবার বিস্তারিত কিছু জানায়নি।

জেমস বারোজ এমন একজন নির্মাতা ছিলেন, যিনি টেলিভিশন কমেডিকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তার নির্মাণে হাসির সঙ্গে উঠে এসেছে মানবিক সম্পর্ক, আবেগ ও জীবনের নানা বাস্তবতা। কয়েক দশকের ক্যারিয়ারে তিনি এক হাজারেরও বেশি টেলিভিশন পর্ব পরিচালনা করেন, যা বিশ্বজুড়ে কোটি দর্শকের কাছে আজও সমান জনপ্রিয়।

১৯৭৪ সালে ‘দ্য মেরি টাইলার মুর শো’-এর মাধ্যমে টেলিভিশন জগতে যাত্রা শুরু করেন বারোজ। এরপর ধীরে ধীরে তিনি সিটকম নির্মাণের অন্যতম সফল ও প্রভাবশালী পরিচালক হিসেবে প্রতিষ্ঠা পান। তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ‘চিয়ার্স’। জনপ্রিয় এই ধারাবাহিকের ২৭৩টি পর্বের মধ্যে ২৪৩টিই পরিচালনা করেছিলেন তিনি।

নিজের স্মৃতিকথায় বারোজ লিখেছিলেন, একটি সফল কমেডির মূল শক্তি হলো শক্তিশালী চিত্রনাট্য, দক্ষ অভিনয় এবং শিল্পীদের পারস্পরিক রসায়ন। এই তিনের সমন্বয়েই তৈরি হয় সেই ‘ম্যাজিক মোমেন্ট’, যা দর্শকের মনে দীর্ঘদিন বেঁচে থাকে।

১৯৪০ সালের ৩০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন জেমস বারোজ। তার বাবা এব বারোজ ছিলেন খ্যাতিমান নাট্যকার। শৈশব থেকেই থিয়েটারের আবহে বেড়ে ওঠা জেমস পরবর্তীতে সেই শিল্পজগতেই নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলেন এবং টেলিভিশন কমেডিকে নতুন উচ্চতায় নিয়ে যান।

ক্যারিয়ারে একাধিকবার এমি পুরস্কারে সম্মানিত এই নির্মাতার মৃত্যুতে টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

জেআর