সৌদির উপহার দেয়া খেজুর নিয়ে অপপ্রচার করা হচ্ছে: মৌলভীবাজারের জেলা প্রশাসক

মৌলভীবাজার
খেজুর ও মৌলভীবাজার জেলা প্রশাসন
এখন জনপদে
0

সৌদি সরকারের দেয়া উপহার খেজুর বরাদ্দ নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন অপপ্রচারের ব্যাখ্যা দিয়েছে মৌলভীবাজার জেলা প্রশাসন।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি সৌদির কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার কর্তৃক ১৭০ কার্টুন খেজুর মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। এ বিষয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার এবং ফটোকার্ড প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণরূপে অসত্য এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

এতে আরও জানানো হয়, সৌদির উপহার খেজুর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ১মার্চ মৌলভীবাজার জেলায় ১৭০ কার্টুন খেজুর জেলা প্রশাসকের অনুকূলে বরাদ্দ প্রদান করা হয়েছে।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের ত্রাণ ও পুনর্বাসন শাখার ১০ মার্চ মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ২৬ কার্টুন, কুলাউড়া উপজেলায় ২৮ কার্টুন, শ্রীমঙ্গল উপজেলায় ২০ কার্টুন, বড়লেখা উপজেলায় ২২ কার্টুন, কমলগঞ্জ উপজেলায় ২০ কার্টুন, রাজনগর উপজেলায় ১৬ কার্টুন ও জুড়ী উপজেলায় ১২ কার্টুন সর্বমোট ১৪৪ কার্টুন খেজুর উপজেলা নির্বাহী অফিসারগণের অনুকূলে উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন:

অবশিষ্ট ২৬ কার্টুন খেজুর হতে দুই কার্টুন করে জেলা সদরের সরকারি শিশু পরিবার (বালিকা), খালিশপুর মাহমুদা আফরোজ এতিমখানা কমপ্লেক্স, হযরত শাহ খোয়াজ (রা:) এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সম্পাসী নেছারুল কোরআন হাফিজিয়া এতিমখানা, উত্তর মুলাইম মল্লিকসরাই এতিমখানা, উলুয়াইল ইসলামিয়া এতিমখানা, রাজনগর কারী ফরিদ উদ্দিন হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, মৌলভী মছদ্দর খান হিফজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, শ্রীমঙ্গল গাউছিয়া খাজা গরীবে নেওয়াজ এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ কমপ্লেক্স, হাজী মো. মনু মিয়া এতিমখানা, মন্দিরগাঁও হাজী আবদুল মালিক এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ কমপ্লেক্স, লুৎফিয়া এতিমখানা, মোহাম্মদিয়া এতিমখানা শ্রীমঙ্গল, মৌলভীবাজারে উপ-বরাদ্দ ও বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা ত্রাণ কর্মকর্তা মো. ছাদু মিয়া জানান, প্রথমে পরিপত্রে ১৭৮ কার্টুন খেজুর মৌলভীবাজারকে বরাদ্দ প্রদান করা হলেও পরবর্তীতে ১৭০ কার্টুন বরাদ্দ দিয়ে পরিপত্র সংশোধন করা হয়।

এ নিয়ে বিভিন্নজন না জেনেই অপপ্রচার চালাচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘১৪৪ কার্টুন বিভিন্ন উপজেলায় ও ২৬ কার্টুন জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়েছে।’

সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার বা শেয়ার করার পূর্বে তার সত্যতা যাচাই করার জন্য বিশেষভাবে আহ্বান জানান জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। একই সঙ্গে অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি থেকে বিরত থাকার জন্য সবার প্রতি তিনি অনুরোধ করেন।


এফএস