বিলুপ্তপ্রায় পাখিদের বাঁচাতে বরগুনায় গড়ে উঠেছে পাখি অভয়ারণ্য

ভ্রমণ ও পর্যটন
এখন জনপদে
0

হাজারো পাখির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বরগুনার সুরঞ্জনা ইকোপার্ক। খাদ্যসংকটে বিলুপ্তপ্রায় পাখিদের বাঁচাতে পার্কজুড়ে তৈরি হয়েছে এক অনন্য মৈত্রীর গল্প। পাখিদের খাবার জোগানে রাখা হয়েছে গাছের ফল। শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে গড়ে উঠেছে এ অভয়ারণ্য।

সবুজ বনানী আর নানা রঙের পাখির মেলায় অপরূপ এক রূপ ধারণ করেছে বরগুনার সুরঞ্জনা ইকোপার্ক। বাতাসের তালে তাদের ডানা ঝাপটানোর দৃশ্য আর অবিরাম কিচিরমিচির শব্দে এক মায়াবী পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়।

দেশের নানা প্রান্ত থেকে আসা পাখিদের এ কলতানে স্থানটি হয়ে উঠেছে সত্যিকারের এক পাখির রাজ্য। এটা শুধু ইকোপার্কই নয়, মানুষের সঙ্গে পাখিদের বন্ধুত্ব তৈরি, প্রকৃতির ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের এক অনন্য দৃষ্টান্ত। পাখির এ অভয়ারণ্যটা সময়ের সঙ্গে সঙ্গে আরও বৃদ্ধি পাবে এমনটাই বলছেন দর্শনার্থীরা।

আরও পড়ুন:

পাখিদের এ অনন্য অভয়ারণ্যের উদ্যোক্তার মতে, দেশজুড়ে তীব্র খাদ্যসংকটে আজ অনেক পাখিই বিলুপ্তির পথে। তাই পাখিদের প্রাণ বাঁচাতে তার এই ক্ষুদ্র প্রয়াস আজ ডানা মেলেছে সার্থকতায়।

সুরঞ্জনা ইকোপার্কের উদ্যোক্তা সোহেল হাফিজ বলেন, ‘বিলুপ্ত প্রায় সেসব গাছগুলো আমরা লাগাবো। আমরা ভালো ফল পেয়েছি। পাখির সংখ্যা সময়ের সঙ্গে বাড়ছে। আর পাখিরা বুঝতে পারছে এ গাছগুলো তাদের জন্য লাগানো। দর্শনার্থীরাও মুগ্ধ হচ্ছে, পাখিরা খুব কাছাকাছি এসে খাবার খাচ্ছে।’

সুরঞ্জনা ইকো পার্কের এ উদ্যোগ যেন জানান দেয়, পৃথিবীটা শুধু মানুষের নয়, প্রতিটি প্রাণের। গাছের ডালে ডালে পাখিদের এই অবাধ ভোজ উৎসব পর্যটকদের মনেও এক অদ্ভুত প্রশান্তি বিলিয়ে দেয়।

জেআর