জানা গেছে, শুক্রবার থেকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিউমোনিয়া আক্রান্ত শিশুকে শনিবার(৪ এপ্রিল) রাত ৭ টার দিকে সরকারি হাসপাতালের সম্মুখে তাজমহল ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষার জন্য নিয়ে যান অভিভাবকরা। এসময় নিউমোনিয়ায় আক্রান্ত তিন মাস বয়সী এই শিশুর রক্তের নমুনা সংগ্রহের সময় কান্নাকাটি করে কাঁপুনি ওঠে নীল হয়ে যায়।
পরবর্তীতে দ্রুত পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
মৃত শিশুর পিতা রিপন সিদ্দিকী বলেন, তিন মাস বয়সী পুত্র রিহান গত সপ্তাহ থেকে জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত। শুক্রবার(৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান শিশুটিকে। ভর্তির পর থেকে ক্যানুলার মাধ্যমে ইনজেকশন ও চিকিৎসা চলছিল। ডাক্তারের পরামর্শে এক্স-রে ও সিবিসি পরীক্ষার জন্য শনিবার সন্ধ্যায় সরকারি হাসপাতালের সম্মুখে তাজমহল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। এক্স-রে পরীক্ষার পর সিবিসির জন্য রক্তের নমুনা সংগ্রহের সময় শিশু কান্নাকাটি করে কাঁপুনি উঠে নীল হয়ে যায়।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ডায়াগনস্টিক সেন্টারের লোকজন শিশুর হাত থেকে রক্ত নিতে না পেরে পায়ে নিতে গেলে বাচ্চা কান্নাকাটি করে অবশ হয়ে যায়। এসময় পুনরায় তাকে সরকারি হাসপাতালের চিকিৎসক এর কাছে নিয়ে যান।
হাসপাতাল থেকে পরীক্ষার জন্য যাওয়ার সময় শিশুটি স্বাভাবিক ছিল। তাজমহল ডায়াগনস্টিক সেন্টারের লোকজনের অবহেলা জনিত কারণে তার বাচ্চার মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে তিনি থানায় অভিযোগ দিবেন বলেও জানান।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. জেরিন জানান, নিউমোনিয়ায় আক্রান্ত শিশুকে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। হাসপাতালের বাহিরে রোগীর স্বজনরা কিছু পরীক্ষা করাতে যান। পরে অবশ অবস্থায় শিশুকে পুনরায় হাসপাতালে নিয়ে আসলে পালস না পেয়ে শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন তিনি।
এ বিষয়ে কুলাউড়া তাজমহল ডায়াগনস্টিক সেন্টার এর ম্যানেজারের সাথে মোবাইলে কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে রাত ৯টা পর্যন্ত রোগীর স্বজন ও বিক্ষিপ্ত জনতা তাজমহল ডায়াগনস্টিক সেন্টার অবরোধ করে রাখেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে কোনও অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।





