গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে বিপুল অবৈধ জ্বালানি জব্দ

রাজশাহী
র‍্যাবের অভিযানে জব্দকৃত জ্বালানি
অপরাধ
এখন জনপদে
0

রাজশাহীর গোদাগাড়ীতে পৃথক অভিযান চালিয়ে ৫৭২ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করেছে র‍্যাব-৫। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) সকালে উপজেলার নাজিরপুর এলাকায় সিপিএসসি র‍্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নাজিরপুর এলাকার রাসেল হোসেনের বসতবাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়।

অভিযানে রাসেল হোসেনের বাড়ি থেকে ৫৫০ লিটার ডিজেল এবং ২২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন এবং জব্দকৃত তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।

একই অভিযানে নাজিরপুর ছয়হাটি বাজারস্থ মেসার্স রবিউল ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানেও প্রায় ৩৫০ লিটার ডিজেলের মজুদ পাওয়া যায়।

তবে অভিযান চলাকালীন দোকান মালিক জ্বালানি তেল মজুদ ও বিক্রির জন্য যে লাইসেন্সটি প্রদর্শন করেন, তার মেয়াদ উত্তীর্ণ দেখা যায়। আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হলে দোকান মালিক দাবি করেন যে তিনি লাইসেন্স নবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন। জনস্বার্থে অবৈধ মজুদ রোধে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এএইচ