১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধে কানাডায় নতুন বিল

আসিফ হোসেন
প্রতীকী ছবি
তথ্য-প্রযুক্তি
0

অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পর এবার অপ্রাপ্তবয়স্কদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার তালিকায় যুক্ত হতে যাচ্ছে কানাডা। খবর এনগ্যাজেটের।

দেশটির ‘কানাডিয়ান আইডেন্টিটি অ্যান্ড কালচার’ (কানাডীয় পরিচয় ও সংস্কৃতি) বিষয়ক মন্ত্রী মার্ক মিলার সম্প্রতি ‘সেফ সোশ্যাল মিডিয়া অ্যাক্ট’ (নিরাপদ সামাজিক মাধ্যম আইন) নামের একটি বিল উত্থাপন করেছেন। এ আইনের অধীনে ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

একইসঙ্গে সামাজিক মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্ল্যাটফর্মগুলোর জন্য নতুন কিছু নিয়ন্ত্রণমূলক নির্দেশনাও আনা হয়েছে। নতুন এ আইনের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে তাদের প্লাটফর্ম এমনভাবে তৈরি করতে হবে, যা শিশুদের জন্য নিরাপদ হয়।

পাশাপাশি ডিপফেক এবং "শিশুদের ওপর যৌন নিপীড়নমূলক কিংবা এ ধরনের ঘটনার শিকার হওয়া সারভাইভারদের পুনরায় মানসিকভাবে বিপর্যস্ত করে" এমন কনটেন্ট দ্রুত অপসারণ করতে হবে প্লাটফর্মগুলোকে।

ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষার জন্য এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি কনটেন্টে বিশেষ ‘লেবেল’ বা চিহ্ন ব্যবহার করা, ক্ষতিকর উপাদানের বিরুদ্ধে অভিযোগ জানানোর স্পষ্ট ব্যবস্থা রাখা এবং ব্যবহারকারীদের ব্লক করার মতো প্রয়োজনীয় টুলস বা ফিচার যুক্ত করা বাধ্যতামূলক করা হচ্ছে।

বিলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়সের কঠোর নিয়ম বেঁধে দেওয়া হলেও, ‘এআই চ্যাটবট’ বা চ্যাট জিপিটির মতো সেবাগুলোকে এর আওতামুক্ত রাখা হয়েছে। বিলটি ঘোষণার সময় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী মার্ক মিলার বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর দিকগুলো নিয়ে যেভাবে গবেষণা হয়েছে, চ্যাটবটের ক্ষতিকর দিকগুলো নিয়ে এখনো সেভাবে বিস্তর গবেষণা হয়নি। তাছাড়া, সমাজে এদের ভূমিকাও এক নয়।’

তবে চ্যাটবট ব্যবহারের বয়স নির্ধারণ না করা হলেও, সম্প্রতি ওপেনএআইয়ের চ্যাটবট কর্তৃক 'টাম্বলার রিজ' বন্দুকহামলার ঘটনার প্রতিক্রিয়া হিসেবে ‘সেফ সোশ্যাল মিডিয়া অ্যাক্ট’-এ কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট সংক্রান্ত কিছু কঠোর ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ বিলের অধীনে, এআই প্লাটফর্মগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন তাদের চ্যাটবট কোনো ধরনের ক্ষতিকর তথ্য বা আচরণ প্রকাশ না করে। একই সাথে জরুরি ও সংকটকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের সিস্টেমে ‘জরুরি ব্যবস্থা’ বা ইমার্জেন্সি মেজার্স যুক্ত করতে হবে।

মন্ত্রী মিলার জানান, ১৬ বছরের বয়সসীমা ছাড়াও প্ল্যাটফর্মগুলোকে আরও কী কী নিয়ম মেনে চলতে হবে, তা নির্ধারণ করবে নবগঠিত ‘ডিজিটাল সেফটি কমিশন অব কানাডা’।

পৃথক একটি আইনের অধীনে এই কমিশন গঠন করা হয়েছে। নতুন আইনগুলো কার্যকর করার পাশাপাশি কোনো প্ল্যাটফর্ম যদি শিশুদের নিরাপত্তার জন্য ‘যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা’ নিশ্চিত করতে পারে, তবে কমিশন চাইলে তাদের এ নিয়ম থেকে অব্যাহতি দেওয়ার ক্ষমতাও রাখবে।

এএইচ