১৬ ঘণ্টায়ও সন্ধান মেলেনি সাঙ্গু নদে নিখোঁজ শিশুর

নিখোঁজ শিশু আরেফিন
এখন জনপদে
1

বান্দরবান শহরের সাঙ্গু নদে ডুবে যাওয়ার প্রায় ১৬ ঘণ্টা পরও নিখোঁজ শিশুর সন্ধান মেলেনি। আজ (শনিবার, ২০ জুন) সকাল ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ডুবুরি দল।

নিখোঁজ শিশুটির নাম মো. আরেফিন। ১১ বছর বয়সী শিশুটি বান্দরবান শহরের বালাঘাটা বাজারের সাতকানিয়া হোটেলের মালিক এনামলি হকের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বন্ধুদের সঙ্গে নদের চরে ফুটবল খেলা শেষে হাত-মুখ ধোয়ার সময় অসাবধানতাবশত নদে পড়ে যায় আরেফিন। এর পর থেকেই সে নিখোঁজ রয়েছে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ইঞ্জিনচালিত নৌকা নিয়ে স্থানীয়রাও তল্লাশি কার্যক্রমে অংশ নেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ জানান, সাঙ্গু নদে তীব্র স্রোত থাকার কারণে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। নিখোঁজ শিশুর সন্ধানে উদ্ধার তৎপরতা আরও জোরদার করতে চট্টগ্রাম থেকে একটি বিশেষ ডুবুরি দল আনা হচ্ছে।

জেআর