আজ (সোমবার, ৬ জুলাই) বিকেলে জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের চম্পাতলি গ্রামের মহারাজ চাকমার চায়ের দোকানে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-সমরজিৎ চাকমা, কুমার চাকমা, রাঙ্গা চাকমা, চায়ারানি চাকমা। বাকি আটজনের পরিচয় জানা যায়নি।
অসুস্থতার শিকার ব্যক্তিরা পাহাড়ে জুমের কাজ শেষে চা পান করতে ওই দোকানে যান। কিন্তু চা পাতা মনে করে ফোরাডন কীটনাশকে প্রস্তুত চা পান করে কিছুক্ষণ পরই বমি, মাথা ঘোরা, পেটব্যথা, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গে অসুস্থ হয়ে পড়েন তারা। পরে কয়েকজন অজ্ঞান হয়ে যান।
স্থানীয়রা অসুস্থদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়া হয়।
সাজেক ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাপস চাকমা বলেন, ‘দোকানে চা পাতা ভেবে ফোরাডন দিয়ে প্রস্তুত চা খেয়ে ১২ জন অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাদের হাসপাতালে পাঠিয়েছে।’
রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘সাজেকে চা পান করে ১২ জন অসুস্থ হওয়ার খবর পেয়েছি। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার অনুসন্ধানে পুলিশ কাজ করছে।’





