নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় তীব্র স্রোতে ওই কিশোর ভেসে যায় বলে জানা যায়। নিখোঁজ আসাদুল বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়ি এলাকার মো. মুসার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে আসাদুলসহ পাঁচ বন্ধু মিলে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। সৈকতে ঘোরাঘুরির একপর্যায়ে তারা সবাই একসঙ্গে সমুদ্রে গোসল করতে নামেন। গত কয়েকদিন ধরে নিম্নচাপের কারণে সাগর প্রচণ্ড উত্তাল থাকায় তারা তীব্র স্রোতের মুখে পড়েন এবং মুহূর্তেই ভেসে যান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, স্রোতে ভেসে যাওয়ার পর আসাদুল নিজেকে বাঁচাতে সমুদ্রের মধ্যে মাছ ধরার জন্য গেড়ে রাখা একটি খুঁটি ধরে দীর্ঘ সময় ভেসে ছিলেন। কিন্তু সাগরের প্রচণ্ড ঢেউ ও স্রোতের পানিতে ডুবে নিখোঁজ হন।
ঘটনার পরপরই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা।
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে পাঁচজন বন্ধু একসঙ্গে ঘুরতে এসে সমুদ্রে নেমেছিল। এদের মধ্যে আসাদুল নামে একজন নিখোঁজ হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে, তবে এখন পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাওয়া যায়নি।’





