ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সৌদি প্রবাসী নিহত, স্ত্রী আহত

ব্রাহ্মণবাড়িয়া
সড়ক দুর্ঘটনার প্রতীকী
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ইয়ামিন ভূঁইয়া (৩০) নামে এক সৌদি আরব প্রবাসী নিহত হয়েছেন। আজ (সোমবার, ২৭ জুলাই) সন্ধ্যায় জেলা শহরের ভাদুঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ামিন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মো. আবুল বাশারের ছেলে। দুর্ঘটনায় ইয়ামিনের স্ত্রী সুমা আক্তার আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, গত দুই মাস আগে ইয়ামিনের সাথে পার্শ্ববর্তী মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামের সুমা আক্তারের মুঠোফোনে বিয়ে হয়। সম্প্রতি ইমন দেশে ফিরে গত ১৭ জুলাই সুমাকে আনুষ্ঠানিকভাবে নিজ বাড়িতে নিয়ে আসে। আজ সন্ধ্যায় ইয়ামিন শ্বশুর বাড়ি থেকে বেড়ানো শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ভাদুঘর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ইয়ামিন ও সুমা গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেআর