আজ (বুধবার, ১৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তরের চেষ্টা করে।
আরও পড়ুন:
এর ভিত্তিতে ১৯ আগস্ট রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফ থানাধীন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানের সময় সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দেয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায়। পরে চক্রের সদস্যরা বোটটি ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি এসভিডি ড্রাগুনভ রাইফেল ও ম্যাগাজিন, একটি ৯ মিমি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, দুই রাউন্ড তাজা ও এক রাউন্ড ফাঁকা পিস্তলের গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, এ ঘটনায় জড়িতদের আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





