মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
এখন জনপদে
0

নিজের মনগড়া মতাদর্শ দিয়ে আপনাদের প্রতিষ্ঠাতা মওদুদীবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ (বুধবার, ২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বরে আহলে সুন্নত ওয়াল জামা’য়াত আয়োজিত জশনে জুলুশ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘কোরআন হাদিসে যা উল্লেখ আছে, সেটাই বলতে হবে। ফরিদপুরের একজন মাজারপন্থীকে আপনারা আগুনে পুড়িয়ে দিয়েছিলেন। এটা কোনো ইসলাম? আগে নিজের দিকে তাকান।’

‘১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে মনে করেছিলেন, সরকার গঠন করে ফেলেছেন। কিন্তু বাংলাদেশের মাজারপন্থী, সনাতনী সম্প্রদায়ের মানুষ প্রমাণ করেছেন যারা বাংলাদেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না, অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে কাজ করে, তারাই আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।’

এসময় তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। তবে মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকব না।’

অনুষ্ঠানে পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পঞ্চগড় পৌর বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ বারী, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গনি বসুনিয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেআর