ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস পুকুরে, মিললো ৯ বস্তা গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া
মাইক্রোবাস থেকে ছিটকে পড়া বস্তা
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে ভারতীয় গাঁজাভর্তি একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ছিটকে পড়েছে। আজ (শুক্রবার, ২৮ আগস্ট) সকালে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে ক্র্যান দিয়ে মাইক্রোবাসটি টেনে তুলে ৯ বস্তা গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি মাইক্রোবাস পুলিশের সিগনাল অমান্য করে পালানোর চেষ্টা করে। পুলিশও মাইক্রোবাসটিকে ধাওয়া করলে একপর্যায়ে মাইক্রোবাসটি খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে ছিটকে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা গাঁজার বস্তাগুলো পানিতে ভেসে উঠে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানান, গাঁজা পাচারে জড়িতরা সাঁতরে ওপরে ওঠে দ্রুত পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা যায়নি। উদ্ধারকৃত ৯টি বস্তায় কি পরিমাণ গাঁজা রয়েছে তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএ