কুষ্টিয়ায় তিন দিনব্যাপী নৌকাবাইচ শুরু

নৌকা বাইচ
এখন জনপদে
0

দীর্ঘ চার বছর পর কুষ্টিয়ার গড়াই নদীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) দুপুরে কুমারখালীর কয়া ইউনিয়নবাসীর আয়োজিত ঘোড়াইঘাটে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী দিনে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলার সাতটি দল নৌকাবাইচে অংশ নেয়। মাঝিমাল্লাদের ‘হেইও রে হেইও’ ধ্বনি আর দাঁড়ের ছলাৎ ছলাৎ শব্দে মুখর হয়ে ওঠে গড়াই নদী।

২০২২ সালের পর এবারই আবার ঘোড়াইঘাটে বসেছে নৌকাবাইচের আসর। প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই পাড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। পাশাপাশি বসেছে গ্রামীণ মেলা ও সাংস্কৃতিক উৎসব। এতে দর্শনার্থীদের পদচারণায় জমে উঠেছে মেলা, ভালো বেচাকেনার আশা করছেন দোকানিরাও।

আয়োজক কমিটির আহবায়ক ইমরান হোসেন ইউনুস বলেন,মাদকসহ নানা নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতেই এ আয়োজন। এতে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলার বাইচ নৌকা অংশ নিচ্ছে।

তিনদিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী রোববার (২০ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে নৌকা বাইচ। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশনসহ রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

জেআর