‎পাবনায় নিখোঁজের পর বাড়ির পেছনের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

উদ্ধারকৃত মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে
এখন জনপদে
3

‎পাবনার আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) সকাল ৮ টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ‎নিহত সুপ্রভাত মদক ওই এলাকার সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি কাশীনাথপুরের দাদাভাই হোটেলে ব্যবসা করতেন।

‎স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কাউকে কিছু না বলে বের হয়ে যান সুপ্রভাত মদক। এরপর রাতে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে আমিনপুর থানায় লিখিত অভিযোগ করেন স্বজনরা।

‎আজ সকালে হলুদের জমিতে সুপ্রভাত মদকের ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।‎

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মেদ গোলাম মোস্তফা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কীভাবে তার মৃত্যু হয়েছে, কিংবা ঘটনার সঙ্গে কারা জড়িত—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

এএইচ