শিয়ালের ভয়ে দৌঁড়, পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

মরদেহের প্রতীকী ছবি
এখন জনপদে
0

নওগাঁর বদলগাছীতে শিয়াল দেখে ভয়ে দৌঁড় দিতে গিয়ে পাওয়ার টিলারের নিচে চাপাপড়ে তিন বছর বয়সী সোহাগী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (মঙ্গলবার, ১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর মণ্ডলাপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সোহাগী ওই গ্রামের সোহেল মন্ডলের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল সোহাগীর বাবা বাড়ির উত্তর পাশে বুলবুল হোসেনের জমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করতে যান। শিশু সোহাগীও বাবার পিছু পিছু জমিতে যায় এবং সেখানে পাশেই খেলাধুলা করছিল।

একপর্যায়ে পাশের ধানখেত থেকে হঠাৎ দুটি শেয়াল একসঙ্গে বেরিয়ে আসে। তা দেখে শিশুটি ভয় পেয়ে দৌঁড় দিয়ে বাবার কাছে আসার চেষ্টা করলে পাওয়ার টিলারের চাকার নিচে পড়ে। এতে পাওয়ার টিলারের চাকার আঘাতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এফএস