আজ (রোববার, ১৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এর আগে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন চালক। পরে সতর্কতার সঙ্গে ট্রেনটি স্টেশনে নিয়ে আসা হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি বগি থেকে আলাদা করে রাখা হয়। বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা করতে সময় লাগায় ট্রেনটির যাত্রা ব্যাহত হয়। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
আরও পড়ুন:
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার নাজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন সরিয়ে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়েছে। বিকল্প ইঞ্জিন পৌঁছালে ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। তবে এ ঘটনায় অন্য ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে তিনি জানান।
ট্রেনের পরিচালক জহির উদ্দিন জানান, স্টেশনের আউটার এলাকায় ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর চালক সতর্কতার সঙ্গে ট্রেনটি স্টেশনে নিয়ে আসেন। আগুন যাতে যাত্রীবাহী বগিতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য ইঞ্জিনটি বগি থেকে আলাদা করে রাখা হয়।




