রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১২ জনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ
মাদকবিরোধী অভিযানে দণ্ডপ্রাপ্তরা
অপরাধ
এখন জনপদে
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ১২ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ (রোববার, ২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মুড়াপাড়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অপরাধের ধরন অনুযায়ী তাদের এ সাজা দেওয়া হয়। অভিযানে মাদকসহ মোট ১৪ জনকে আটক করার পর তাদের আদালতে হাজির করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান। আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অপরাধের ধরন বিবেচনায় নিয়ে এক মাস, দুই মাস, ১০ দিন ও সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রুবেল মিয়া, বকুল মিয়া, সুমন মিয়া, মাসুম মিয়া, পনির হোসেন, শাহজাহান মিয়া, শাহীন মিয়া, সামাদ মিয়া, বিল্লাল হোসেন, আমির মিয়া, সুমাইয়া ও শরিফুল।

পুলিশ জানায়, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদকসহ ১৪ জনকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১২ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে আটক বাকি দুজনের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আদালতের আদেশের পর দণ্ডপ্রাপ্ত ১২ জনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ