পৃষ্ঠপোষকতার অভাবে বিকশিত হচ্ছে না দেশের সাংস্কৃতিক সম্ভাবনা: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
এখন জনপদে
0

দেশে সংস্কৃতি অঙ্গনে পৃষ্ঠপোষকতা নাই, ফলে দেশের অভ্যন্তরের সম্ভাবনা প্রস্ফুটিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, ‘গান, নৃত্য, কবিতা, সাংস্কৃতিক কর্মকান্ড আরও বেগবান করতে কাজ করছে সরকার।’

আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহের জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের গ্রাম ও শহরে হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক উপাদানগুলো পুনরুজ্জীবিত করা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও বিকশিত ও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

‘বাংলাদেশের সংস্কৃতি বর্তমানে একটি সংকটময় সময় পার করছে। পাহাড় ও সমতলের সংস্কৃতিসহ দেশের সামগ্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের যথাযথ পরিচর্যা ও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। পৃষ্ঠপোষকতার অভাবে সংগীত, নৃত্য, কবিতা, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের অনেক উপাদান বিকশিত হতে পারছে না। একটি গাছ যেমন পরিচর্যা, সার, পানি ও সুরক্ষা ছাড়া বড় হতে পারে না, তেমনি পৃষ্ঠপোষকতা ছাড়া সংস্কৃতির বিকাশও সম্ভব নয়।’

উদ্বোধন অনুষ্ঠানের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, গুরুশিষ্যের পলা গান দিয়ে শুরু হয় প্রথম দিনের আয়োজন পর্ব। গান সুরের মূর্ছনায় পুরো আয়োজনে দর্শক সারি মাতিয়ে রাখেন আগত শিল্পীরা। আগামীকাল শনিবার দ্বিতীয় দিনের আয়োজনে জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে পরিবেশিত হবে মৈমনসিংহ গীতিকার মহুয়া পালা গীতি নৃত্যনাট্য ও লোকজ নৃতানুষ্ঠান।

জেআর