আজ (বুধবার, ২৫ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদনটি জমা দেয়া হয় বলে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম। তিনি জানান, তদন্ত শেষে কমিটির সদস্যদের বৈঠকে প্রতিবেদন তৈরি করে সিলগালা অবস্থায় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।
গত ১১ নভেম্বর রাত ১২টা ১০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে পরদিন দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য নুসরাত।
এরপর ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ১৩ নভেম্বর কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পোড়া বাড়ির বিভিন্ন আলামত, তথ্য-প্রমাণ, সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের বক্তব্য সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। ২৪ নভেম্বর তদন্তের কাজ শেষ করে প্রতিবেদন চূড়ান্ত করে কমিটি।
কমিটির আহ্বায়ক ছিলেন কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম এবং সদস্যসচিব ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ। অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক মেজর আশরারুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন।





