বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভুঁইয়া।
ডব্লিউপিএসএ-বিবির বিভাগীয় কর্মশালা কমিটির আহ্বায়ক ও পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মনোরঞ্জন ধর এবং ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়েজুর রহমান, অধ্যাপক ড. মো. মাহমূদুল হাসান শিকদার প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষকসহ ময়মনসিংহ অঞ্চলের খামারিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় পোল্ট্রি শিল্পের আধুনিক প্রযুক্তি, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, বায়োসিকিউরিটি, উদ্যোক্তা উন্নয়ন, খামার ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কারিগরি সেশন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, খামারি ও পোল্ট্রি খাত সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘পোল্ট্রি খাত দেশের পুষ্টি নিরাপত্তা ও আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খামারি ও বিশেষজ্ঞরা ডিম ও মাংস উৎপাদনের মাধ্যমে মানুষের পুষ্টি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যা জাতির জন্য অত্যন্ত প্রশংসনীয়।’ তিনি বলেন, ‘এ ধরনের কারিগরি কর্মশালা খামার পরিচালনায় বাস্তবভিত্তিক জ্ঞান ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে।’
তিনি বলেন, ‘মানুষের খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে মানসম্মত প্রাণীজ আমিষ উৎপাদনের মাধ্যমে খামারিরা মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যা একটি মহৎ কাজ।’





