আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ থানার শাহপরী এলাকার নাফ নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক কারবারিরা সংকেত অমান্য করে দ্রুত পার্শ্ববর্তী গোলারচর এলাকায় বোট রেখে পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়। কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) ও বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





