জরিমানাকৃত ইটভাটা দু’টি হলো—উপজেলার পশ্চিম রঘুনাথপুর এলাকায় অবস্থিত মেসার্স এনএসবি ব্রিকস এবং নিতপুর এলাকায় অবস্থিত মেসার্স কেইবিসি ব্রিকস।
নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা বলেন, ‘জেলার পোরশা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ইটভাটা দুইটি পরিচালনার জন্য বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। যথাযথ কাগজপত্র গ্রহণ ব্যতীত পশ্চিম রঘুনাথপুর এলাকায় অবস্থিত মেসার্স এনএসবি ব্রিকস এবং নিতপুর এলাকায় অবস্থিত মেসার্স কেইবিসি ব্রিকস নামক দুইটি ইটভাটার পুনর্নির্মাণ বা সংস্কার কাজ চালু রাখায় ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়। একইসঙ্গে মোট চার লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘যথাযথ কাগজপত্র না পাওয়া পর্যন্ত ভাটার দুইটির পুনর্নির্মাণ বা সংস্কার কাজ বন্ধ রাখার জন্য ইটভাটার কর্তৃপক্ষের নিকট হতে মুচলেকা নেয়া হয়।’
পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইনসহ নওগাঁর ব্যাটেলিয়ন আনসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।





