সালসা মিউজিকের কিংবদন্তি উইলি কোলনের প্রয়াণ

কিংবদন্তি শিল্পী উইলি কোলন
সংস্কৃতি ও বিনোদন
0

যুক্তরাষ্ট্রের সালসা সংগীতের কিংবদন্তি শিল্পী উইলি কোলন গতকাল (শনিবার, ২১ ফেব্রুয়ারি) মারা গেছেন। তার পরিবার ও দীর্ঘদিনের ম্যানেজার এ তথ্য নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাকে বলা হতো ‘নিউইয়র্ক সাউন্ডের স্থপতি।’

ট্রোমবোন বাদক হিসেবে বেশি পরিচিত হলেও তিনি ছিলেন ব্যান্ডলিডার ও প্রযোজকও। নিউইয়র্কের ব্রঙ্কসে জন্ম নেয়া কোলন তার বাবা-মা ও দাদা-দাদির পুয়ের্তো রিকান সংগীতকে নিজের শহরের জ্যাজের সঙ্গে মিশিয়ে নতুন ধারা তৈরি করেন। নিউইয়র্ক থেকে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। পরিবারের বিবৃতিতে বলা হয়, ১৯৫০ সালে উইলিয়াম অ্যান্থনি কোলন রোমান নামে জন্ম নেয়া এই সংগীত তারকা ‘আজ সকালে শান্তিপূর্ণভাবে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।’

তার ম্যানেজার পিয়েত্রো ক্যারোলোস বলেন, ‘আমরা নিউইয়র্ক সাউন্ডের একজন স্থপতিকে হারালাম।’

তিনি বলেন, ‘উইলি শুধু সালসা সংগীত বদলাননি; তিনি এর পরিসরকে বড় করেছেন, রাজনৈতিক মাত্রা যুক্ত করেছেন, নগর জীবনের গল্পে রূপ দিয়েছেন এবং এমন মঞ্চে পৌঁছে দিয়েছেন, যেখানে আগে এই সংগীতকে শোনা যায়নি।’

আরও পড়ুন: জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদের প্রয়াণ

১৫ বছর বয়সেই তিনি নিজের ব্যান্ডে বাজাতে শুরু করেন। ১৭ বছর বয়সে নিজের অ্যালবাম প্রকাশ করেন। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে পুয়ের্তো রিকান গায়ক হেক্টর লাভোর সঙ্গে একাধিক জনপ্রিয় অ্যালবাম রেকর্ড করেন তিনি।

১৯৭৮ সালে কণ্ঠশিল্পী রুবেন ব্লেডস (রুবেন ব্লেডস বেলিডো দে লুনা) -এর সঙ্গে প্রকাশিত ‘সিয়েমব্রা’ অ্যালবামে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান লাতিনো সম্প্রদায়ের সামাজিক সমস্যাগুলো তুলে ধরা হয়।

এক সময় সংগীতবিষয়ক প্রকাশনা বিলবোর্ডকে তিনি বলেন, ‘আমি খুব কঠিন এক পাড়ায় বড় হয়েছি। আমার বাবা কারাগারে সময় কাটিয়েছেন। প্রায় সবাই কারাগারে ছিলো। আমাদের সঙ্গে পুলিশের অনেক সংঘর্ষ হতো।’

জুনিয়র হাই স্কুলে কিছুদিন সংগীতের পড়াশোনা করেছিলেন। তবে ২০২৫ সাল পর্যন্ত তিনি বাজানো চালিয়ে গেছেন।

তার প্রভাবের ধারাবাহিকতার প্রমাণ হিসেবে, গ্র্যামি জয়ী গায়ক ব্যাড বানির ২০২৫ সালের জনপ্রিয় গান নিউভেওল-এ তার নাম উল্লেখ করা হয়। ব্যাড বানির পুরো নাম বেনিতো আন্তোনিও মার্টিনেজ ওকাসিও, যিনি পেশাদারভাবে, একজন পুয়ের্তো রিকান র‌্যাপার, গায়ক, রেকর্ড প্রযোজক।

এএম