দেশের অটোমোটিভ খাতে বড় বিনিয়োগ নতুন সম্ভাবনার দুয়ার খুলছে: অর্থমন্ত্রী

আমির খসরু মাহমুদ চৌধুরী
অর্থনীতি
0

দেশের অটোমোটিভ খাতে বড় বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারিত্ব নতুন সম্ভাবনার দুয়ার খুলছে— এমনটাই বলছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ ও জাপানের মিতসুবিশি করপোরেশনের মধ্যে হওয়া চুক্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

আজ (বুধবার, ২২ এপ্রিল) সন্ধ্যায় বনানীর এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘এ ধরনের আন্তর্জাতিক বিনিয়োগ বাংলাদেশকে বৈশ্বিক বড় কোম্পানিগুলোর কাছে একটি সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরছে। বিনিয়োগ বাড়লে শিল্পখাত শক্তিশালী হবে এবং ব্যবসা পরিচালনার ব্যয়ও কমে আসবে।’

পাশাপাশি স্পেয়ার পার্টসসহ সংশ্লিষ্ট শিল্পখাতও বিকশিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন:

এদিকে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘জাপানের সঙ্গে এই বিনিয়োগ চুক্তি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও দৃঢ় করবে। এটি দেশিয় শিল্প উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি জানান, আগামী মাসে চালু হতে যাওয়া টোকিও-ঢাকা সরাসরি ফ্লাইট ব্যবসা ও ভ্রমণে সংযোগ বাড়াবে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নে নতুন গতি আনবে।

চুক্তি অনুযায়ী, মিতসুবিশি করপোরেশন ২৫ শতাংশ শেয়ার অধিগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটির নতুন বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়েছে।

এসএস