মালয়েশিয়ায় প্রবাসীদের উৎসবমুখর ঈদ উদযাপন

নামাজ শেষে ঈদের কোলাকুলি করছে প্রবাসীরা
প্রবাস
0

এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। পরিবার-স্বজন থেকে হাজার মাইল দূরে থাকলেও উৎসবের আনন্দে ভাটা নেই প্রবাসীদের। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীসহ বিভিন্ন দেশের মুসলমানরা উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেছেন। রাজধানী কুয়ালালামপুরসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত।

সকালের প্রথম প্রহর থেকেই ঈদের আনন্দে মুখর হয়ে ওঠে কুয়ালালামপুরসহ মালয়েশিয়ার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ। নতুন পোশাক পরে দলে দলে মুসল্লিরা ছুটে আসেন ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে। অংশ নেন প্রবাসী বাংলাদেশিরাও।

বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত হাংতুয়ার মসজিদ আল বুখারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ঈদের নামাজ।বরাবরের মতো এবারও মসজিদের আঙিনা ছাপিয়ে নামাজের কাতার পৌঁছায় মূল সড়কেও। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা।

আরও পড়ুন :

পরিবার স্বজনহীন ঈদের দিনটিকে ঘিরে নানা আয়োজন থাকে প্রবাসীদের। কেউ রান্না করেন দেশিয় খাবার, আবার কেউ বন্ধু ও সহকর্মীদের নিয়ে ছুটে যান দেশিয় রেস্টুরেন্টে।

প্রিয়জনদের সঙ্গে দূরত্ব ঘুচাতে প্রযুক্তিই ভরসা। ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা। কর্মব্যস্ত জীবনের ফাঁকে ঈদের এই দিনটি প্রবাসীদের জন্য নিয়ে আসে স্বস্তি ও আনন্দের বার্তা।

প্রবাস জীবনের নানা সীমাবদ্ধতা থাকলেও উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে ভুলেন না মালয়েশিয়ায় অবস্থান করা প্রবাসীরা। ভিন্ন সংস্কৃতি ও পরিবেশে থেকেও ঈদের চেতনায় গড়ে ওঠে এক অনন্য ভ্রাতৃত্বের বন্ধন।

এএম