আগামী ১৬ মার্চ ভোটগ্রহণকে সামনে রেখে প্রার্থীদের পাশাপাশি ভোটাররাও হিসাব কষতে শুরু করেছেন পরবর্তী অভিভাবক নির্বাচন নিয়ে। ১৩ সদস্যের এই কমিটিতে মোট প্রার্থী হয়েছেন ২৫ জন।
তবে সবকিছু ছাপিয়ে সামনে এসেছে ভোট বুথে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে। ভোটকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যেন ভোটের বুথে মোবাইলফোন নিষিদ্ধ রাখা হয় সেজন্য নির্বাচন কমিশন ও ডিটিও-তে ভোটারদের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে এবার ভোটকে প্রভাবিত করা ও ভোটারদের গোপনীয়তা অক্ষুন্ন রাখতে কঠোর অবস্থানে যাচ্ছেন নির্বাচন পরিচালনা কমিটি।
কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুর সঙ্গে এই কাজ পরিচালনা করছেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের পরিচালক বীরেন্দ্রনাথ অধিকারী এবং অ্যাসোসিওর আজীবন চেয়ারম্যান ও জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ এইচ কাফি।
নির্বাচনী আপীল বোর্ডের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাক এবং সামিয়া ট্রেডিং এর স্বত্বাধিকারী ও এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন এবং ন্যাশনাল পিভিসি পাইপ প্রোডাক্টর স্বত্বাধিকারী মো. আবুল খায়ের দায়িত্ব পালন করছেন।
ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত বিষয়ে জানতে চাইলে আইএসপিএবি নির্বাচন বোর্ড সদস্য আব্দুল্লাহ এইচ কাফি বলেছেন, 'বুথের ভেতর কেউ মোবাইলফোন নিয়ে যেতে পারবে না। কাউকেই এ বিষয়ে ছাড় দেয়া হবে না। এটা কঠোর ভাবে প্রতিপালন করা হবে।'
তবে শুধু নির্বাচন কমিশনই নয়, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে জন্য ২৫ জন প্রার্থীকেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আইএসপিএবির সাবেক সভাপতি আমিনুল হাকিম। তিনি বলেন, 'ভোটের গোপনীয়তা, ভোটারদের নিরাপত্তা ও নির্বাচনের সময় ফেক বা রিউমার বন্ধ রাখতে ভোটারদের বুথে মোবাইল নেয়া থেকে বিরত থাকার পাশাপাশি প্রার্থীদেরও আচরণ বিধি মেনে চলা উচিত হবে। আমরা চাই দুই বছর পর পর এই নির্বাচন যেন উৎসব মুখর ও প্রতিযোগিতা পূর্ণ হয়।'
ভোট বুথে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে ট্রেড বডির বিভিন্ন নির্বাচনে কমিশনে দায়িত্বপালনকারী বিসিএস এর সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর প্রাক্তন উপদেষ্টা পরিচালক সৈয়দ আলমাস কবীর মনে করেন, 'বুথে মোবাইল ফোন নেয়া অবশ্যই ঠিক না। এটা ভোট কার্যক্রমকে প্রভাবিত করে। ভোটারের ব্যক্তি স্বাধীনতা ও ব্যালটের গোপনীয়তা ঝুঁকিতে ফেলে। এ ধরনের সুযোগ ভোটারের ওপর কুপ্রভাব ফেলে।'
এজন্য এফবিসিসিআই নির্বাচনের মতো কেন্দ্রে 'টোকেন' ব্যবস্থাপর মাধ্যমে ভোটারের ফোন জমা রেখে তারপর বুথে প্রবেশের নিয়ম করার পরামর্শ দেন তিনি।
এর আগে নির্বাচন কমিশনকে দেয়া চিঠিতে ভোট কেন্দ্রে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর স্থাপন এবং মোবাইল ফোন নিয়ে বুথে প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি লিখিত আবেদন করেন প্রার্থীরা।
দুই ক্যাটাগরির আইএসপিএবি কার্যনির্বাহী কমিটির ভোটে এগিয়ে আছেন সহযোগী সদস্যরা। তাদের জন্য নির্ধারিত ৪ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১১ জন। এদের মধ্য থেকেই যোগ্যদের বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করবেন ৭৫৬ ভোটার। আর কেন্দ্রীয় ভূমিকায় থাকা সাধারণ ক্যাটাগরিতে ৯ পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১৪ জন। এক্ষেত্রে ভোটার ২৫০ জন।

