রাজধানীতে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত ২

প্রতীকী ছবি
অপরাধ
দেশে এখন
0

রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। আজ (রোববার, ১৫ নভেম্বর) রাতে রাজধানীর রামপুরার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন, হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তারা ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কর্মচারী।

প্রতিষ্ঠানটির ম্যানেজার জানান, সন্ধ্যা ৭টার দিকে চার দুর্বৃত্ত কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

গুলিতে হাবিবুর রহমানের বাম হাত এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। দুজনের শরীরেই এক রাউন্ড করে গুলি লেগেছে।

হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া। তার গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায়। সাজু আহমেদের বাবার নাম মো. ইউসুফ। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।

তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান জানান, হাতিরঝিল থানার ওয়াবদা রোড এলাকায় একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন টিম উপস্থিত হয়ে কাজ শুরু করেছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

এএইচ