বাসের পেছনের সিটে বসে থাকা যাত্রী কিংবা নেটওয়ার্কহীন কোনো পাহাড়ের চূড়া—ইন্টারনেটের ঝক্কি ছাড়াই আনন্দের স্বাদ পেতে অফলাইন গেমসের বিকল্প আজও নেই। কিন্তু শুধু ইন্টারনেটের অভাবেই কি এসব গেম খেলা হয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? টেকটাইমস প্রকাশিত প্রতিবেদনে সে বিষয় সম্পর্কে জানার চেষ্টা করা হয়েছে।
একজন গড়পড়তা স্মার্টফোন ব্যবহারকারী দিনে ছয় ঘণ্টা বা তার বেশি সময় অনলাইনে কাটান। বিনোদনের ডিফল্ট সেটিং এখন ইন্টারনেট। অথচ এর বিপরীতে একটি প্যারাডক্স বা বৈপরীত্য কাজ করছে। বিশ্বের সবচেয়ে বেশি খেলা গেমগুলোর অনেকগুলোর জন্যই কোনো ওয়াই-ফাই, ডাটা প্ল্যান বা অ্যাকাউন্টের প্রয়োজন হয় না।
গুগল ক্রোমের বিখ্যাত ‘ডাইনো’ গেমের কথাই শুরুতে বলা যাক। ইন্টারনেট সংযোগ না থাকলে ক্রোম ব্রাউজারে এ গেমটি খেলা যায়। ক্যাকটাস ঘেরা মরুভূমিতে একটি পিক্সেলড টি-রেক্স ডাইনোসর দৌড়াতে শুরু করে। নিজের অজান্তেই অনেক ব্যবহারকারী কোটি কোটিবার এ গেমটি খেলেছে।
অফলাইন গেম খেলার জন্য বাড়তি কোনো অনুমতির প্রয়োজন হয় না। গেম চালু করে খেলা শুরুর অনুমতি দিলেই গেম শুরু। এ সহজ পদ্ধতির জন্যই মূলত অফলাইন গেমের জনপ্রিয়তা এখনো রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ব্রাউজারভিত্তিক অফলাইন গেমিংয়ের ইতিহাস: ইন্টারনেটের শুরুর দিনগুলোতে অফলাইন ব্রাউজার গেম সবজায়গাতেই ছিল। ৯০-এর দশকের শেষ দিকে এবং ২০০০-এর দশকের শুরুতে, যখন দ্রুতগতির ইন্টারনেট সাধারণ বিষয় ছিল না, তখন জাভাস্ক্রিপ্ট এবং ফ্ল্যাশ গেমগুলো মানুষকে কোনো কিছু ডাউনলোড না করেই খেলার সুযোগ দিত।
আধুনিক অ্যাপগুলোর মতো এগুলো আপনাকে ট্র্যাক করার জন্য বা স্ক্রিনে গ্রেপ্তারে রাখার জন্য ডিজাইন করা হয়নি। এগুলো ছিল যাতায়াতের পথে বা অবসরে কিছুটা স্বস্তি পাওয়ার মাধ্যম। ক্রোমের সেইটি-রেক্স রানার গেমটির সঙ্গে প্রায় সবাই পরিচিত। এটি একটি চমৎকার উদ্ভাবন, যা ইন্টারনেট সংযোগ না থাকলে আপনার বিরক্তি দূর করে।
বর্তমান সময়ে এসে পুনরায় এ ধরনের গেম পুনর্নির্মাণের একটা চল শুরু হয়েছে। অনেক নির্মাতাই এখন এমন গেম তৈরি করছেন যা ইন্টারনেট ছাড়াই চলে এবং খেলোয়াড়দের সময়ের গুরুত্ব দেয়।
‘আনপ্লাগড’ খেলার মনস্তত্ত্ব’: লিডারবোর্ড, সোশ্যাল ফিড বা মাইক্রোট্রানজ্যাকশন ছাড়াই একটি গেম কেন মানুষকে মুগ্ধ করে? এর উত্তর লুকিয়ে আছে ‘কগনিটিভ ফ্রিকশন’ বা মানসিক জড়তা হ্রাসের মধ্যে।
সহজ প্রবেশাধিকার: অফলাইন গেমগুলো তাৎক্ষণিকভাবে শুরু করা যায়। কোনো লগ-ইন স্ক্রিন নেই, নেই কোনো বাধ্যতামূলক আপডেট বা প্রোফাইল সিঙ্কিংয়ের ঝামেলা। ফলে গেম চালু করেই খেলা শুরু করা যায়।
সিদ্ধান্ত গ্রহণের ক্লান্তি মুক্তি: কোনো ডেইলি কোয়েস্ট বা টাইম-লিমিটেড ইভেন্টের চাপ নেই। আপনার একমাত্র লক্ষ্য হলো নিজের দক্ষতা বাড়ানো। এটি আপনাকে অ্যালগরিদমের বদলে নিজের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়। একবার মিশন পাড় করতে না পারলেও পুনরায় খেলা যায়।
গোপনীয়তার সুরক্ষা: অনলাইন গেম খেলার ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য শেয়ারসহ বিভিন্ন বিষয়ের অনুমতি দিতে হয়। এখানে সংশ্লিষ্ট কোম্পানি চাইলে ডাটা ট্র্যাকিং এর পাশপাশি বিজ্ঞাপন দেখানোর জন্য এসব তথ্য ব্যবহার করে থাকে। এর ফলে ব্যবহারকারী বা গেমারদের ব্যক্তিগত তথ্যের কোনো সুরক্ষা থাকে না। কিন্তু অফলাইন গেমে এমন কোনো ডাটা ট্র্যাকিং বা বিজ্ঞাপন নেই। প্রাইভেসি সচেতন ব্যবহারকারীদের জন্য এটি একটি বড় পাওয়া। এখানে আপনি কোনো পণ্য নন, আপনি কেবল একজন খেলোয়াড়।
ফ্লো স্টেট বা একাগ্রতা: কিছু স্নায়ুবিজ্ঞানী মনে করেন, এ মিনিমালিস্ট গেমগুলো ধ্যানের মতো কাজ করে। বারবার একই ধরনের অ্যাকশন (যেমন লাফানো বা মেলানো) মস্তিষ্ককে বিশ্রাম দিতে সাহায্য করে। অনেক থেরাপিস্ট এখন উদ্বেগ কমানোর জন্য রোগীদের এ ধরনের গেম খেলার পরামর্শ দেন।
সাবওয়ে টানেলে গ্রেপ্তারে পড়া যাত্রী, মাঝ আকাশে থাকা বিমানযাত্রী বা গ্রাম্য অঞ্চলের কোনো শিক্ষার্থী যার ব্রডব্যান্ড সংযোগ নেই—তাদের জন্য অফলাইন গেম কোনো বিলাসিতা নয়, বরং প্রয়োজনীয়তা। নেটওয়ার্ক ডেড জোন বা ব্যাটারি সেভিং মোডেও এ গেমগুলো নিরবচ্ছিন্ন বিনোদন নিশ্চিত করে।
গেমিংয়ে মিনিমালিস্ট ডিজাইনের উত্থান: বড় স্টুডিওগুলো যারা একসময় কেবল অনলাইন সার্ভিস নিয়ে কাজ করত, তারাও এখন অফলাইন মোডকে প্রিমিয়াম ফিচার হিসেবে বাজারজাত করছে। মানুষ এখন ক্লান্ত। বছরের পর বছর ধরে ডোপামিন লুপ আর প্রতিদিন লগ-ইন করার বাধ্যবাধকতা থেকে তারা মুক্তি চায়। তারা এমন গেম চায় যা তাদের সময়ের সম্মান করবে।
নির্মাতাদের অফলাইনমুখিতা: ডেভেলপারদের জন্য, বিশেষ করে ছোটটিমের জন্য অফলাইন গেম তৈরি করা অনেক সাশ্রয়ী। সার্ভার খরচ নেই, নেই কোনো ব্যাকএন্ডের দুশ্চিন্তা বা ডেটা সুরক্ষা আইনের কড়াকড়ি। একটি ভালো অফলাইন গেম দশকের পর দশক একইভাবে সচল থাকতে পারে।
অফলাইন গেমের আবেদন হলো এর মৌলিকত্ব। এটি আপনাকে সে দিনগুলোর কথা মনে করিয়ে দেয় যখন কোনো দর্শক বা র্যাঙ্কিংয়ের চাপ ছাড়াই আমরা কেবল খেলার আনন্দের জন্য খেলতাম। প্রতিনিয়ত অনলাইনে সংযুক্ত থাকার এ যুগে, পাঁচ মিনিটের জন্য অফলাইনে যাওয়াটা বেশ শক্তিশালী একটি অভিজ্ঞতা হতে পারে। সেই ছোট ডাইনোসরটি এখনও আপনার জন্য অপেক্ষা করছে—এটি কেবল একটি বিকল্প নয়, এটি একটি সৎ ও সহজ বিনোদন।





