এই চুক্তির আওতায় মেটা যুক্তরাষ্ট্রজুড়ে কিশোর ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে দৈনিক সময়সীমা নির্ধারণ ও রাতে ব্যবহারের ওপর বিধিনিষেধসহ বেশ কিছু পরিবর্তন আনতে রাজি হয়েছে। সমঝোতায় পৌঁছালেও কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কভিত্তিক এই সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট। সমঝোতার খবরের পর প্রাক-বাজার লেনদেনে মেটার শেয়ারের দাম ৪.৪ শতাংশ বেড়েছে।
মামলায় মেটার বিরুদ্ধে শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন (কোপ্পা) লঙ্ঘনের অভিযোগ আনা হয়। অভিযোগ অনুযায়ী, মেটা তাদের প্ল্যাটফর্ম ব্যবহারকারী শিশুদের বয়স জানা সত্ত্বেও অভিভাবকদের সম্মতি ছাড়া তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে এবং সেই তথ্য মেশিন লার্নিং ও জেনারেটিভ এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করেছে। বিচার শুরুর আগে অঙ্গরাজ্যগুলো মেটার কাছ থেকে বিপুল পরিমাণ জরিমানা ও ক্ষতিপূরণ দাবি করেছিল।
মেটা ছাড়াও স্ন্যাপচ্যাটের মালিক প্রতিষ্ঠান স্ন্যাপ, ইউটিউবের মালিক আলফাবেট এবং টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি ও আসক্তি তৈরির অভিযোগে যুক্তরাষ্ট্রে হাজার হাজার মামলার মুখোমুখি হচ্ছে। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের ডিস্ট্রিক্ট জাজ ইভন গনজালেস রজার্সের আদালতে এসব কেন্দ্র করে আনা কেন্দ্রীয় মামলাগুলো একত্রিত করে শুনানি চলছে।
এর আগে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আনা মামলায় হেরে যায় মেটা। সেখানকার একটি জুরি মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করে। পরে গত ৬ আগস্ট আদালত মেটাকে আরও ৫৬ কোটি ৭০ লাখ ডলার পরিশোধের নির্দেশ দেন। এছাড়া লস অ্যাঞ্জেলেসের একটি জুরি শিশুদের মানসিক ক্ষতির দায়ে মেটা ও গুগলকে সম্মিলিতভাবে ৬০ লাখ ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন।





