ক্যামেরাবিহীন নতুন স্মার্ট গ্লাস আনছে মেটা

মেটার স্মার্ট গ্লাস
তথ্য-প্রযুক্তি
0

ক্যামেরাবিহীন নতুন স্মার্ট গ্লাস বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। আগামী অক্টোবর মাসের মধ্যেই মডেলটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের। সিলিকন ভ্যালিভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এনগ্যাজেটের।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মেটার বার্ষিক কানেক্ট ডেভেলপার কনফারেন্সে ‘লুনা’ কোডনেমের নতুন এ মডেলটির আনুষ্ঠানিক উন্মোচন হতে পারে। চশমাটি ‘ক্লাবমাস্টার’ ও ‘বারব্যাংক’—এ দুটি ভিন্ন স্টাইলে পাওয়া যাবে।

নতুন এ মডেলে কোনো ক্যামেরা না থাকলেও এতে থাকছে ছয়টি বিল্ট-ইন মাইক্রোফোন এবং কান-মুখী বিশেষ স্পিকার। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজে মেটার এআই চ্যাটবটের সঙ্গে কথা বলতে পারবেন। মূল বিষয় হলো, এতে বাদ পড়ছে সে ফিচারটি, যার কারণে সমালোচকেরা মেটার বিদ্যমান মডেলগুলোকে ‘পারভার্ট গ্লাস’ বা বিকৃত মানসিকতার চশমা বলে আখ্যা দিয়েছিলেন।

দ্রুত মেটা এআই চালুর জন্য এর পাশে একটি ডেডিকেটেড বোতাম থাকবে। পাশাপাশি এর পাতলা ফ্রেম বা ডাঁট চশমাটিকে সাধারণ চশমার মতো লুক দেবে।

মেটার বর্তমান স্মার্ট গ্লাসগুলোর বিক্রি ভালো হলেও, নারীর পিছু নেওয়া, গোপনে ভিডিও ধারণ ও সার্বিক হেনস্তায় এটি ব্যবহারের ঝুঁকি থাকায় প্রতিষ্ঠানটি বেশ সমালোচনার মুখে পড়ে। প্রাইভেসির সুরক্ষায় মেটার চশমায় একটি ‘অ্যান্টি-ক্রিপ’ ফিচার ছিল—রেকর্ডিং চলার সময় চশমার এলইডি লাইট অনবরত জ্বলতে-নিভতে থাকত। তবে ব্যবহারকারীরা কৌশল করে বা লাইট ঢেকে গোপন রেকর্ডিংয়ের পথ বের করে ফেলে, যা পরবর্তীতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে বন্ধ করে মেটা।

পরপর দুটি সিকিউরিটি আপডেট দেওয়া সত্ত্বেও মেটার স্মার্ট গ্লাস গোপনীয়তা ভঙ্গের তকমা থেকে পুরোপুরি বের হতে পারেনি। ফলে অনেক সম্ভাব্য ক্রেতাই চশমাটি কিনতে দ্বিধায় ছিলেন। মেটার আশা, নতুন ক্যামেরাবিহীন ‘লুনা’ দ্বিধায় থাকা ক্রেতাদের আশ্বস্ত করবে এবং তারা চশমাটি কিনতে উৎসাহিত হবেন।

এএইচ