মালয়েশিয়ার বাজারে ‘অনার ম্যাজিক ৯ প্রো ম্যাক্স’ (Honor Magic 9 Pro Max) এর দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৯৯ রিঙ্গিত, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ১ হাজার ৪৫৮ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৮২ হাজার টাকার সমতুল্য। তবে বাংলাদেশের বাজারে ফোনটি কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে আসবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি। শ্যাডো ব্ল্যাক, গ্লেসিয়ার সিলভার ও মস গ্রিন—এই তিনটি রঙে ফোনটি বাজারে আসছে। ৪ ডিসেম্বরের আগে প্রি-অর্ডার করা গ্রাহকদের জন্য ৩০০ রিঙ্গিত তাৎক্ষণিক মূল্যছাড়, হারমান কার্ডন অরা স্টুডিও ৫ স্পিকার, প্রফেশনাল ইমেজিং কিট কুপন, দুই বছরের ব্যাটারি রিপ্লেসমেন্ট সুবিধা এবং ৫ টেরাবাইট ক্লাউড স্টোরেজসহ তিন মাসের গুগল এআই প্রো সাবস্ক্রিপশন বিনা মূল্যে দিচ্ছে অনার।
ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ এর ক্যামেরা প্রযুক্তি। এটিই অনারের প্রথম স্মার্টফোন, যাতে আরি ক্যামেরা লাইসেন্সিং ও বিশেষ সিনেমা মোড যুক্ত করা হয়েছে। পেছনের অংশে থাকা ডুয়াল ২০০ মেগাপিক্সেল সেন্সরে (২০০ মেগাপিক্সেল মূল ক্যামেরা ও ২০০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স) সিআইপিএ ৮.০ মানের স্ট্যাবিলাইজেশন সুবিধা রয়েছে। এ ছাড়া রিয়েল-টাইম ‘র’ ফরম্যাটে এআই অ্যালগরিদম প্রয়োগের জন্য এতে যুক্ত করা হয়েছে প্রতিষ্ঠানের প্রথম নিজস্ব ‘অনার ইমেজিং চিপ এইচ১’।
আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক পোর্টাল জিএসএমঅ্যারেনার বিশ্লেষণ অনুযায়ী, আরির সঙ্গে এই অংশীদারত্ব বাস্তব ব্যবহারেও দারুণ ফল দিচ্ছে। বিশেষ করে ফোনটির টেলিফটো ক্যামেরা রাতের বেলায় দীর্ঘ দূরত্বের জুম ছবি তোলার ক্ষেত্রে অন্যতম সেরা পারফরম্যান্স দিচ্ছে। পাশাপাশি এর মাল্টি-অ্যাসপেক্ট সেলফি ক্যামেরার মাধ্যমে ফোন না ঘুরিয়েই ল্যান্ডস্কেপ ও পোর্ট্রেট—উভয় মোডে ছবি তোলা সম্ভব, যদিও এতে অটোফোকাস সুবিধার কিছুটা সীমাবদ্ধতা রয়েছে।
পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের সর্বাধুনিক ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট এক্সট্রিম জেন ৬’ প্রসেসর, যার সঙ্গে রয়েছে ১২ জিবি র্যাম ও অতিরিক্ত ১২ জিবি ভার্চুয়াল র্যাম। বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর স্মার্টফোন ব্যবহারকারীদের দীর্ঘক্ষণ চার্জ থাকার চাহিদার কথা মাথায় রেখে এতে দেওয়া হয়েছে বিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি। দ্রুত চার্জিংয়ের জন্য থাকছে ১০০ ওয়াট তারযুক্ত (ওয়্যারড) ও ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সুবিধা।
অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক ম্যাজিক ওএস ১১ অপারেটিং সিস্টেমে পরিচালিত এই ফোনে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির এলটিপিও ওলেড ডিসপ্লে, যার সর্বোচ্চ উজ্জ্বলতা ১০ হাজার নিটস। স্ক্রিনের সুরক্ষায় ন্যানোক্রিস্টাল শিল্ড ও চোখ সুরক্ষায় ৩৮৪০ হার্টজ পিডব্লিউএম ডিমিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এ ছাড়া পানি ও ধুলাবালি থেকে সর্বোচ্চ সুরক্ষার জন্য ফোনটি আইপি৬৮, আইপি৬৯ এবং আইপি৬৯কে রেটিংপ্রাপ্ত।
—ফোর্বস ও নাইনটুফাইভগুগলের প্রতিবেদন অবলম্বনে

