কাস্টম চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে অ্যানথ্রোপিক

অ্যানথ্রোপিক ও স্যামসাং
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশের সঙ্গে বর্তমানে বিভিন্ন কোম্পানির প্রতিযোগিতাও বাড়ছে। এর মধ্যে এআইয়ের অ্যাডভান্সড মডেলে শক্তি যোগায় এমন হার্ডওয়্যার রয়েছে। এদের মধ্যে বর্তমানে নিজেদের কাস্টম চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে অ্যানথ্রোপিক। দ্য ইনফরমেশন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর গিজমোচায়নার।


অ্যানথ্রোপিক হঠাৎ করে এমন উদ্যোগ নেয়নি। গত এপ্রিলেই তারা নিজস্ব এআই চিপ তৈরির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছিল, যার মূল লক্ষ্য ছিল বৈশ্বিক চিপ সংকটের বাজারে নিজেদের পরিকাঠামোকে সুরক্ষিত রাখা।

তবে এ কাস্টম চিপ ঠিক কী ধরনের কাজে ব্যবহার করা হবে এবং এর কম্পিউটিং পারফরম্যান্স কেমন হবে—সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও আসেনি বলে জানা গেছে। স্যামসাংয়ের সঙ্গে অংশীদারিত্বের বিষয়টিও অ্যানথ্রোপিক সরাসরি নিশ্চিত করেনি। তবে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ‘টেকক্রাঞ্চ’-কে তারা জানিয়েছে, তাদের কম্পিউটিং কৌশলে গুগল, অ্যামাজন এবং এনভিডিয়ার মতো বৈচিত্র্যময় হার্ডওয়্যার স্ট্যাকের ভূমিকা আগের মতোই গুরুত্বপূর্ণ থাকবে।

অ্যানথ্রোপিকের নিজস্ব চিপ তৈরির এ উদ্যোগ মোটেও আশ্চর্যজনক নয়। কারণ বর্তমানে অনেক এআই কোম্পানিই নির্দিষ্ট কিছু কাজের দক্ষতা বাড়াতে কিংবা এনভিডিয়ার ওপর একক নির্ভরশীলতা কমাতে নিজেদের চিপ তৈরি করছে।

তবে এ মুহূর্তে চিপ তৈরির টাইমিং বা সময়টাই সবচেয়ে বড় আলোচনার বিষয়। কারণ, অ্যানথ্রোপিকের প্রধান প্রতিদ্বন্দ্বী ওপেনএআই সম্প্রতি ‘ব্রডকম’-এর সাথে যৌথভাবে তৈরি তাদের নিজস্ব কাস্টম ইনফারেন্স চিপ উন্মোচন করেছে।

‘জালাপেনো’ নামের এ চিপটি সম্পর্কে ওপেনএআই-এর দাবি—প্রাথমিক পরীক্ষায় এটি সাধারণ এআই জিপিইউ-এর তুলনায় অনেক বেশি সাশ্রয়ী এবং প্রতি ওয়াটে উল্লেখযোগ্য মাত্রায় উন্নত পারফরম্যান্স দেখাতে সক্ষম হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের এ সফলতাই সম্ভবত অ্যানথ্রোপিককে তাদের চিপ তৈরির গতি বাড়াতে বাধ্য করেছে।

চিপের এ দৌড়ে স্যামসাং কিন্তু এআই সাপ্লাই চেইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম। দক্ষিণ কোরিয়ার এ টেক জায়ান্ট এনভিডিয়ার একটি বড় অংশীদার, যারা উন্নত এআই মডেল তৈরি ও তা পরিচালনার জন্য প্রয়োজনীয় চিপ উৎপাদন করে থাকে। এমনকি চিপ তৈরির ম্যানুফ্যাকচারিং প্রসেসে এনভিডিয়ার সফটওয়্যার টুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এএইচ