এফবিআই পরিচালকের ব্যক্তিগত ইমেইল হ্যাকের দাবি ইরানঘনিষ্ঠ হ্যাকারদের: সিএনএন

এফবিআই পরিচালক কাশ প্যাটেল
বিদেশে এখন
1

ইরানের সঙ্গে সংশ্লিষ্ট দাবি করা হ্যাকাররা এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইলে আক্সেস নিয়েছে এবং সেখান থেকে নেয়া একাধিক ছবি ও নথি প্রকাশ করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, হ্যাকাররা প্যাটেলের এফবিআই পরিচালক হওয়ার আগের একাধিক ছবি প্রকাশ করেছে। তারা দাবি করেছে, ছবিগুলো তার ব্যক্তিগত ই-মেইল থেকে নেয়া। পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র সিএনএনকে ছবিগুলো সত্য বলে নিশ্চিত করেছে।

ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইনবক্স হ্যাক করার দাবি করে এবং প্যাটেলের ছবি ও তার জীবনবৃত্তান্ত বলে দাবি করা নথি ইন্টারনেটে ছেঁড়ে দিয়েছে। নিজেদের ওয়েবসাইটে হ্যান্ডালা হ্যাক টিম নামের হ্যাকার গোষ্ঠী বলেছে, প্যাটেল এখন সফলভাবে হ্যাক হওয়া ভুক্তভোগীদের তালিকায় যুক্ত হলেন।

সাইবার নিরাপত্তা গবেষকের সহায়তায় সিএনএন ফাইলগুলো প্রাথমিকভাবে পর্যালোচনা করে জানিয়েছে, আপলোড হওয়া ই-মেইলগুলো সম্ভবত ২০১১ থেকে ২০২২ সময়কালের। এতে প্যাটেলের বিভিন্ন ব্যক্তিগত, পেশাগত ও ভ্রমণ-সংক্রান্ত তথ্য রয়েছে।

আরও পড়ুন:

গবেষক রন ফাবেলা বলেন, ‘হ্যাকার গোষ্ঠী যে অভেদ্য এফবিআই সিস্টেমে ঢোকার দাবি করছে, বাস্তবে বিষয়টি তা নয়। এখানে মূলত পারিবারিক ছবি ও প্যাটেলের আগের বাসা খোঁজা-সংক্রান্ত তথ্যের মতো সাধারণ ব্যক্তিগত বিষয় আছে।’ ফাবেলা আরও বলেন, ‘এটা এফবিআই হ্যাক নয়; এটা কারও ব্যক্তিগত জিনিসপত্রের ড্রয়ার হ্যাক করার মতো কাজ।’

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি মাসের শুরুতে একই হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের একটি বড় চিকিৎসা-যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে সাইবার হামলা চালায়, যাতে প্রতিষ্ঠানটির কার্যক্রমে বিঘ্ন ঘটে। তখন তারা দাবি করে, ইরানে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই হামলায় অন্তত ১৬৮ শিশু মারা গেছে। পেন্টাগন জানিয়েছে, তারা ওই ঘটনা তদন্ত করছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ হ্যাকারদের বিরুদ্ধে অভিযোগ করেছে, তারা ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের হয়ে কাজ করে।

এএম