ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর স্মরণে শোকসভা

দুই শিক্ষার্থীর স্মরণে শোকসভা
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) ক্যাম্পাসে নির্মম হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গতকাল (শুক্রবার, ১ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টাম্পা ক্যাম্পাসের ক্রিসেন্ট হিলে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রিয় বন্ধু ও শিক্ষার্থীদের শেষ বিদায় জানাতে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, সাধারণ শিক্ষার্থী এবং স্বজনরা। অনুষ্ঠানের শুরুতেই এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একে একে সবাই নিহত দুই শিক্ষার্থীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফুলেল শ্রদ্ধা জানান।

নাহিদা ও জামিলের সহপাঠী এবং কাছের বন্ধুরা ফুল দেয়ার সময় নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি। দীর্ঘদিনের চেনা হাসিখুশি মুখ দুটিকে এভাবে চিরতরে হারিয়ে ফেলার শোকে কান্নায় ভেঙে পড়েন অনেকেই। তাদের কান্নায় সেখানে উপস্থিত শিক্ষক এবং অন্য শিক্ষার্থীদের চোখও ভিজে ওঠে।

শোকসভায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম বলেন, নাহিদা এবং জামিল আমাদের পরিবারের অংশ ছিল। তাদের এমন মর্মান্তিক চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। আমরা ক্যাম্পাসে তাদের স্মৃতিকে চিরকাল বাঁচিয়ে রাখব।

তিনি বলেন, পড়াশোনা চলাকালীন সময়ে মৃত্যুবরণ করা শিক্ষার্থীদের স্মরণে ক্যাম্পাসে যে স্মৃতিফলক রয়েছে, সেখানে নাহিদা ও জামিলের নাম স্থায়ীভাবে খোদাই করে যুক্ত করা হবে। এছাড়া, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও এই দুই মেধাবীকে বিশেষভাবে সম্মান জানানো হবে।

এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় জামিল লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়াহকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুটি ফার্স্ট-ডিগ্রি মার্ডারসহ (পরিকল্পিত হত্যাকাণ্ড) বেশ কয়েকটি গুরুতর অপরাধের অভিযোগ এনেছেন মার্কিন প্রসিকিউটররা। তবে শোকের এই মুহূর্তে বিচারের দাবির পাশাপাশি সহপাঠীদের চাপা কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।

উল্লেখ্য, নিহত নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এবং জামিল লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

ইএ