নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে ‘সিঙ্কহোল’, বন্ধ উড়োজাহাজ চলাচল

বিমানবন্দরের রানওয়েতে সিঙ্কহোল সাড়তে কাজ চলছে
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক লা গার্ডিয়া বিমানবন্দরের একটি রানওয়েতে বিশাল গর্ত বা ‘সিঙ্কহোল’ দেখা দেয়ায় বুধবার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে উড়োজাহাজ ওঠানামা। সকালে নিয়মিত পরিদর্শনকালে রানওয়েটির কাছে এই গর্তটি শনাক্ত করেন বিমানবন্দরের কর্মীরা। এর ফলে অভ্যন্তরীণ রুটের বহু ফ্লাইট বাতিল ও শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, সকাল ১১টার দিকে ‘রানওয়ে ৪/২২’-এর কাছে গর্তটি নজরে আসে। তাৎক্ষণিকভাবে রানওয়েটি বন্ধ করে দেয়া হয়। গর্ত সৃষ্টির প্রকৃত কারণ খুঁজে বের করতে এবং দ্রুত মেরামতের জন্য জরুরি নির্মাণ ও প্রকৌশলী দল বর্তমানে কাজ করছে।

নিউইয়র্ক পোর্ট অথরিটি যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, একদিকে রানওয়ে বন্ধ এবং অন্যদিকে বজ্রবৃষ্টির পূর্বাভাস থাকায় আজ ফ্লাইটে বড় ধরনের বিলম্ব বা বাতিলের সম্ভাবনা রয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

লা গার্ডিয়া বিমানবন্দরটি ১৯৩০-এর দশকে সমুদ্রের জমি ভরাট করে তৈরি করা হয়েছিল। সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের অনেক বিমানবন্দরের রানওয়েই বর্তমানে অসমভাবে দেবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। উল্লেখ্য, এই একই রানওয়েতে গত দুই মাস আগে এয়ার কানাডার একটি উড়োজাহাজের সঙ্গে অগ্নিনির্বাপক বাহিনীর ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছিলেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) তথ্য অনুযায়ী, বিকেল ৩টা পর্যন্ত লা গার্ডিয়াগামী ফ্লাইটগুলো গড়ে ১ ঘণ্টা ৩৭ মিনিট বিলম্বে চলাচল করছিল। প্রতিকূল আবহাওয়া ও রানওয়ের সমস্যার কারণে ট্রাফিক ম্যানেজমেন্ট প্রোগ্রাম চালু করা হয়েছে।

এএম