জার্মানিতে কট্টর ডানপন্থি এএফডির বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

প্রতিবাদ মিছিলে হাতে পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা
বিদেশে এখন
0

জার্মানির কট্টর ডানপন্থি রাজনৈতিক দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির এরফুর্ট শহর। আজ (শনিবার, ৪ জুলাই) হাজারো মানুষ রাস্তায় নেমে দলটির বার্ষিক সম্মেলনের পথ অবরোধ করেন। আঞ্চলিক নির্বাচনের আগে অনুষ্ঠিত এই সম্মেলনের মাধ্যমে দলটি প্রথমবারের মতো রাজ্য পর্যায়ে ক্ষমতায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শ্রমিক ইউনিয়ন, নাগরিক সমাজ ও বামপন্থি রাজনৈতিক দলগুলোর সমর্থনে আয়োজিত এই বিক্ষোভে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছে পুলিশ। দুই দিনব্যাপী এই সম্মেলনকে ঘিরে সারা জার্মানি থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দাঙ্গা পুলিশের সামনেই আন্দোলনকারীরা সারিবদ্ধভাবে বসে সম্মেলনস্থলে যাওয়ার সব মহাসড়ক ও রাস্তা বন্ধ করে দেন। এএফডিবিরোধী সংগঠন ‘ভিদারজেৎসেন’ (রেসিস্ট)-এর মুখপাত্র জর্জ বেকার বলেন, ‘জার্মানিতে ফ্যাসিবাদের এই উত্থান আমরা কোনোভাবেই মেনে নেব না।’

এই সম্মেলনে দলের সহ-প্রধান অ্যালিস ভাইডেল এবং টিনো ক্রুপাল্লা পুনরায় নির্বাচিত হতে পারেন বলে আশা করা হচ্ছে। পূর্বাঞ্চলীয় স্যাক্সনি-আনহাল্ট এবং মেক্লেনবার্গ-ভরপোমার্ন রাজ্যের নির্বাচনের আগে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন। এক দশক আগে গঠিত এএফডি বর্তমানে জনমত জরিপে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের রক্ষণশীল দলের চেয়ে এগিয়ে রয়েছে। জাতীয়তাবাদী বক্তব্য, কঠোর অভিবাসন নীতি এবং সরকারের প্রতি বিরক্ত ভোটারদের সমর্থন কাজে লাগিয়ে দলটি এই অবস্থানে এসেছে।

বিরোধীরা এএফডির বিরুদ্ধে বর্ণবাদী নীতি প্রচারের অভিযোগ এনেছেন এবং এটি জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক কাঠামোর জন্য হুমকি বলে মন্তব্য করেছেন। জার্মানির মূলধারার রাজনৈতিক দলগুলো এএফডিকে জোট সরকার থেকে দূরে রাখতে ‘ফায়ারওয়াল’ কৌশল অনুসরণ করে দলটির সঙ্গে সহযোগিতা বাতিল করেছে। তবে এএফডির নেতারা গণতান্ত্রিক ভিত্তির বিরোধিতার অভিযোগ অস্বীকার করে আসছেন। চলতি বছরের শুরুতে দলটি আদালতের মাধ্যমে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার ‘চরমপন্থি’ শ্রেণিভুক্তি স্থগিত করাতে সক্ষম হয়েছে।

সাম্প্রতিক জরিপগুলোতে দেখা গেছে, এএফডির প্রতি সমর্থন ২৯ শতাংশে পৌঁছেছে, যেখানে মের্ৎসের সিডিইউ/সিএসইউ দলের সমর্থন প্রায় ২২ শতাংশ। সাবেক কমিউনিস্ট শাসিত পূর্বাঞ্চলে দলটির সমর্থন সবচেয়ে বেশি। স্যাক্সনি-আনহাল্ট রাজ্যে এএফডির সমর্থন ৪১ শতাংশ, যা মের্ৎসের ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটদের চেয়ে অনেক বেশি। এই রাজ্যে দলটি পুরোপুরি জয়ের লক্ষ্য নিয়ে কাজ করছে এবং মেক্লেনবার্গ-ভরপোমার্নেও বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার আশা করছে।

এএম