নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে এক পরিবারের ৮ জন আহত

গুলি হামলার প্রতীকী ছবি
বিদেশে এখন
0

নিউ ইয়র্কের ব্রুকলিনে ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবসের আনন্দঘন আয়োজন মুহূর্তেই পরিণত হয় রক্তস্নাত আতঙ্কে। কোনি আইল্যান্ডে এক পারিবারিক বারবিকিউতে মাস্ক পরা বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। একই দিনে পৃথক আরেক ঘটনায় ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় একটি বাড়ির উঠানের পারিবারিক বারবিকিউ আয়োজনে অজ্ঞাত মুখোশধারী ব্যক্তি সার্ফ অ্যাভিনিউ থেকে এলোপাথাড়ি গুলি চালায়। শনিবার রাত সাড়ে ১০টার দিকের বর্বরোচিত এই হামলায় ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ হয়। নিহত শিশুদের বয়স ৬ থেকে ১৪ বছর। ২১ বছর বয়সী এক তরুণী গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, হামলার আগে কোনো ঝগড়া বা উত্তেজনার লক্ষণ ছিল না। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ১০টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে একই ব্লকে গ্যাং-সম্পর্কিত হত্যাকাণ্ডের সাথে এর কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই ব্রুকলিনেই রোববার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ঘটেছে আরেকটি ভয়াবহ ঘটনা। ক্রাউন হাইটস এলাকায় পুলিশের একটি আনমার্কড গাড়ির দিকে এগিয়ে আসে ১৮ বছর বয়সী এক সশস্ত্র যুবক। পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে সে গুলি চালায়। এতে ডিটেকটিভ রবার্ট ক্যারলের ব্যালিস্টিক ভেস্টে গুলি লাগে, তবে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। আরেক অফিসারের মুখ ও কাঁধে আঘাত লেগেছে।

মেয়র জোহরান মামদানি জানান, সন্দেহভাজনকে নিরস্ত্র করে হেফাজতে নেয়া হয়েছে। ওই অফিসাররা গত ১২ ঘণ্টা ধরে সেখানে দায়িত্ব পালন করছিলেন।

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এই সহিংসতাকে কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, প্রতিটি উদযাপন নিরাপদ এবং প্রতিটি ছুটি আনন্দময় করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

পারিবারিক উৎসবে নির্বিচার গুলি, অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর সশস্ত্র আক্রমণ নিউ ইয়র্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কোনি আইল্যান্ডের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে অপরাধীদের শনাক্তে তৎপর গোয়েন্দারা।

ইএ